আইন প্রতিমন্ত্রীকে আইনি নোটিশ তারেকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের প্রতি এবার আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ‘মানহানিকর’ মন্তব্য করায় তারেক রহমানের পক্ষে তাঁর আইনজীবী কায়সার কামাল গতকাল মঙ্গলবার ওই নোটিশ পাঠান।

এতে নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং তারেক রহমানের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রেজিস্ট্রি ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই নোটিশ পাঠানো হয়। একটি বক্তব্যের সূত্র ধরে গত সোমবার পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের প্রতি তারেক রহমানের পক্ষে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠানোর বিষয়টি জানিয়ে পরে কায়সার কামাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে ব্রিফিং করেন। আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, তৌফিক ইনাম, জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নোটিশে বলা হয়, আইন প্রতিমন্ত্রী কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। তাঁর সেই বক্তব্য বিভিন্ন দৈনিক পত্রিকায়ও ছাপা হয়। ছাপা প্রতিবেদনে বলা হয়, ‘তারেক রহমান বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন...’, ‘তারেক রহমান প্যারোল নিয়ে বিদেশে গেছেন। সেই প্যারোল আর নেই।’ ইত্যাদি। ব্রিফিংয়ে কায়সার কামাল বলেন, আইন প্রতিমন্ত্রী বিভিন্ন সভা-সমাবেশে তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাস করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সরকার পরিবর্তন হতে পারে, যা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে বলে নোটিশে উল্লেখ করা হয়। তাই প্রতিমন্ত্রীর ওই বক্তব্য মিথ্যা, অপমানজনক ও মানহানিকর। তারেক রহমানকে দেশে ও বিদেশে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য ওই মন্তব্য করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কায়সার কামাল বলেন, তারেক রহমান সুপ্রিম কোর্টের আদেশবলে চিকিৎসার জন্য জামিন নিয়ে লন্ডনে গিয়েছেন। তিনি প্যারোলে যাননি। প্যারোলে উনি (তারেক) কখনোই ছিলেন না। দেশে থাকা অবস্থায় যতগুলো মামলা হয়েছিল, প্রতিটিতে জামিন নিয়ে তিনি বিদেশে গিয়েছিলেন।