আইন প্রয়োগে চাই রাজনৈতিক অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা ছবি: প্রথম আলো

ঢাকা মহানগরে বায়ুদূষণ ও শিশুস্বাস্থ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠক থেকে বায়ুদূষণ রোধে নিম্নমানের ডিজেলের পরিবর্তে পরিশোধিত সালফারমুক্ত ডিজেল আমদানি করার প্রস্তাব করা হয়েছে। বৈঠকের প্রস্তাবনায় দ্রুতগতির গণপরিবহনের ব্যবস্থা চালু, সবুজ বৃদ্ধি ও জলাধারের সংখ্যা বাড়ানোর কথাও বলা হয়েছে।প্রথম আলোর উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গতকাল শনিবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, দূষণ প্রতিরোধের জন্য আইন আছে। আইনের প্রয়োগ নেই। আইন প্রয়োগের জন্য প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। তিনি ঢাকা মহানগরের আশপাশের ইটভাটাগুলো যেভাবে বায়ুদূষণ করছে তা উল্লেখ করে বলেন, আইন করে ইটভাটার চিমনি উঁচু করা হয়েছে, এর ফলে দূষণ কমেছে তা বলা যাবে না। তিনি বলেন, বাস-ট্রাকে অতিরিক্ত পণ্য ও মানুষ পরিবহনের ফলে জ্বালানি বেশি পুড়ে ও বায়ুদূষণ বাড়ে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিন বলেন, ঢাকার রাস্তা থেকে দুই স্ট্রোক বেবিট্যাক্সি প্রত্যাহারের সময় ভাবা হয়েছিল বায়ুদূষণের পরিমাণ কমবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল দূষণ কমেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগর গবেষক নজরুল ইসলাম বলেন, ঢাকা মহানগরে খোলা জায়গা নেই। অথচ হংকংয়ের মতো ঘনবসতিপূর্ণ নগরেও ৪০ শতাংশ খোলা জায়গা রয়েছে। শিশুদের ধুলা ও শব্দদূষণ থেকে রক্ষা করার জন্য বদ্ধ ঘরে আটকে রাখতে হয়। এটা শিশুর বিকাশে সংকট তৈরি করে।

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. শাহজাহান বলেন, এখনো নিরাশ হয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। চেষ্টা চলছে বায়ুদূষণ ও যানজট শূন্যের কোঠায় নামিয়ে আনার। তিনি রাজধানীতে নৌ ও গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি এবং মাঠ ও জলাধার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা মহানগরের পরিবেশ উন্নয়নের জন্য হাতিরঝিলের মতো আরও অনেক প্রকল্প দরকার।

ওয়ার্ল্ড ভিশনের পরিচালক (অপারেশন) ডমিনিক পিউরিফিকেশন বলেন, ‘বায়ুদূষণের জন্য আমরা বড়রা সবাই কমবেশি দায়ী। শিশুদের কোনো দায় নেই, এর ফলে শিশুরাই আক্রান্ত হয় সবচেয়ে বেশি। তাই ওয়ার্ল্ড ভিশনের ৫৬১টি শিশুকেন্দ্র থেকে আমরা শিশুদের মধ্য দিয়েই সচেতনতা তৈরির চেষ্টা চালাচ্ছি।’

ওয়ার্ল্ড ভিশনের বিভাগীয় পরিচালক বনিফেস রোজারিও বলেন, বায়ুদূষণ প্রতিরোধে যে সব আইন আছে, সেগুলোর যথাযথ প্রয়োগ নেই। আবার আইনে অপরাধীদের জন্য যে শাস্তি নির্ধারণ করা আছে, তা অপরাধের তুলনায় গৌণ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন ২০০০ সালে বাংলাদেশের মৃত্যু ও অসুস্থতাজনিত একটি গবেষণা থেকে পাওয়া পরিসংখ্যানের উল্লেখ করে বলেন, বাংলাদেশে শতকরা ৭৪ ভাগ রোগের কারণই পরিবেশজনিত এবং এর মধ্যে বায়ুদূষণ রয়েছে এক নম্বরে এবং দ্বিতীয় নম্বরে পানিদূষণ। তিনি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, ঢাকা মহানগর প্রতিষ্ঠার পর থেকেই আমরা পরিকল্পনা করে যাচ্ছি। কিন্তু পরিকল্পনার প্রয়োগ নেই। ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাব) হয়েছে ২০১০ সালে, কিন্তু ২০১৩ পর্যন্ত তার একটুও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় জনস্বাস্থ্যের বিষয়টি ভাবা হয়নি। পরিবেশ ও বায়ুদূষণের বিষয়টি নিয়ে সামগ্রিক পরিকল্পনা প্রয়োজন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আফজালুর রহমান বলেন, সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিকায়ন করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে জনবল একটি প্রধান সমস্যা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য কমপক্ষে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন, কিন্তু আছে তিন হাজার কর্মী।

ঢাকা মহানগর বাসমালিক সমিতির চেয়ারম্যান খন্দকার এনায়েত উল্যাহ বলেন, যানবাহনের জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহূত হলে বায়ুদূষণ রোধ করা যায় এবং বাংলাদেশে মাত্র পাঁচ শতাংশ গ্যাস ব্যবহূত হয়। পরিবহনে ব্যবহূত গ্যাসের দাম বাড়ানোর ফলে পরিবহনে ডিজেলের ব্যবহার বাড়ছে।

নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান ঢাকায় দূষণ রোধে দায়বদ্ধ নগর ব্যবস্থাপনার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনীতিবিদেরা একসময় রিলিফের চাল-গম চুরি করতেন, এখন খাল-নদী-মাঠ খাচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নাগরিক সচেতনতা প্রয়োজন।

বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগেছেন। তাই প্রথমবার পাহাড়ে যাওয়ার সময় শ্বাসকষ্ট নিবারণের প্রয়োজনীয় সব ওষুধপত্র সঙ্গে নিয়ে যান। কিন্তু পাহাড়ে যাওয়ার পর বুঝতে পারেন ঢাকার বাতাসে তাঁর শ্বাসকষ্ট হয়। তিনি বলেন, ‘এখন আমার ছেলে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বড় হচ্ছে। আমাদের উত্তরপ্রজন্মকে ভালো রাখার জন্য ঢাকার বাতাসকে দূষণমুক্ত করতে হবে।’

গোলটেবিল বৈঠকে ওয়ার্ল্ড ভিশনের শিশুকেন্দ্রগুলোর পক্ষে তিনজন শিশু শুভলতা আকতার, বেলাল হোসেইন ও আলেমা আকতার বক্তব্য দেয়।

শুভলতা বলে, ‘ওরা ভাটারার যে এলাকায় থাকে সেখানে কোনো খেলার মাঠ নেই বললেই চলে। যাও একটা আছে সেখানে খেলাধুলা করা যায় না। মাঠে ঘাস নেই। নেই গাছপালাও। পুরো মহল্লায় যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা হয়। বড়রা এখানে-সেখানে ধূমপান করেন। তাঁরা বুঝতে চান না যে ধূমপানের ফলে বায়ুদূষণ হয় এবং আমরা ছোটরাও ক্ষতির শিকার হই।’

আলেমা জানায়, ওদের উত্তর বাড্ডা এলাকার বাসার পাশেই রয়েছে একটি গার্মেন্টস কারখানা। কারখানাটি যখন চালু থাকে তখন ওর খুবই মাথাব্যথা হয়। সে জানায়, ‘প্রথমে আমি বুঝতে পারছিলাম না কেন এমন ব্যথা হয়। পরে ডাক্তারের সঙ্গে আলাপ করে জানলাম গার্মেন্টসের সুতা বাতাসে মেশে এবং ওই বাতাস নিঃশ্বাসের সঙ্গে ঢুকে মাথাব্যথা হচ্ছে।’

বেলাল হোসেইন বলে, ‘আজকাল যখন-তখন বিদ্যুৎ চলে যায়। ফলে বাসাবাড়ি থেকে অফিস সর্বত্রই জেনারেটর চালানো হয়। জেনারেটর একই সঙ্গে বায়ু ও শব্দদূষণ করছে। এ অবস্থা থেকে আমরা নিষ্কৃতি চাই।’

 গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। শুরুতেই তিনি এ বৈঠক আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ‘বিশ্বব্যাংকের এক সমীক্ষায় জানা যায়, বায়ুদূষণের ফলে বছরে আমাদের প্রায় ৮০ কোটি ডলারের ক্ষতি হয়। এর ফলে আমরা সবাই আক্রান্ত হচ্ছি এবং শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিদ্যমান আইনের প্রয়োগ ও সংস্কার এবং প্রয়োজনে আইন প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করতে হবে।’