মানব পাচার রোধে কঠোরভাবে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালাতে হবে।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এসব কথা বলা হয়েছে। সভায় উপস্থিত দুজন প্রথম আলোকে এ তথ্য জানান। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান উপস্থিত না থাকায় চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আরও আলোচনা করা হবে। সভার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরও কিছু জানানো হয়নি।
সভায় বলা হয়, মানব পাচার রোধে প্রামাণ্যচিত্র বা নাটিকা বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করে সচেতনতা বাড়ানো সম্ভব। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় টেলিভিশন চ্যানেলগুলোতে চিঠি দিয়েছে। এ ছাড়া সমুদ্রপথে মানব পাচারের শিকার ব্যক্তিদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশার কথা ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতেও বলা হয়। এতে অন্যরা নিরুৎসাহিত হবেন।
জাল পাসপোর্ট-সংক্রান্ত তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করার ওপরও গুরুত্বারোপ করা হয় সভায়।
সভায় জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে মানব পাচারবিরোধী একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠিত হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে সরকার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করেছে। আইন ও কমিটির সার্বিক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকার মানব পাচার প্রতিরোধে খসড়া নতুন জাতীয় কর্মপরিকল্পনা (২০১৫-১৭) প্রণয়ন করেছে। আগামী মাসে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। মানব পাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৫-এর খসড়া করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।