আইন প্রয়োগকারী সংস্থার হাতে নির্যাতনের শিকার হচ্ছেন যৌনকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রয়োগকারী সংস্থার হাতেই যৌনকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন। বিনা মূল্যে যৌনসেবা নেওয়ার পাশাপাশি শারীরিক, আর্থিক নির্যাতনসহ ধর্ষণের ঘটনাও ঘটে। এ ছাড়া স্থানীয় মাস্তান, রাজনৈতিক নেতা ও উগ্রপন্থীরাও যৌনকর্মীদের নানাভাবে হয়রানি করে থাকেন।

গতকাল যৌনকর্মীদের মানবাধিকার উন্নয়ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা হাসাব ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এর আয়োজন করে সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক।

বক্তারা আরও বলেন, দেশের আইন ও সংবিধান যৌনকর্ম বিষয়ে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। হাইকোর্টের রায় অনুযায়ী, বাংলাদেশে যৌনকর্ম বৈধ। কিন্তু সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে বলা হচ্ছে, ‘রাষ্ট্র জুয়া এবং যৌন ব্যবসার বিরুদ্ধে কার্যকরী সুরক্ষা প্রদান করিবে।’ আইন প্রয়োগকারী সংস্থা এই সুযোগ ব্যবহার করেই যৌনপল্লি উচ্ছেদ, নানাভাবে যৌনকর্মীদের নির্যাতন ও হয়রানি করছে।

সভায় সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের সহ-সভাপতি ইভান আহমেদ কথা বলেন, সাধারণত কম শিক্ষিত, দরিদ্র, সংসারের খরচ জোগাতে বাধ্য মেয়েরা দালালদের খপ্পরে পড়ে এ পেশায় আসে। যৌনপল্লি উচ্ছেদের মাধ্যমে এসব নারীর জীবন ঝুঁকিতে পড়ছে; ভাসমান যৌনকর্মীর সংখ্যা বাড়ছে।

তিনি আরও বলেন, যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে যৌনপল্লি উচ্ছেদ করা আইনপরিপন্থী।

বক্তারা বলেন, ‘নির্যাতনের শিকার হয়ে হত্যার ঘটনা হলেও পুলিশ মামলা নিতে চায় না। বরং আরও হয়রানির শিকার হতে হয়। আমরা ছেলেমেয়েদের স্কুল-মাদ্রাসায় ভর্তি করতে পারি না। সরকারও যৌনকর্মীদের সহযোগিতার ক্ষেত্রে আন্তরিক নয়।’

সেক্স ওয়ার্কার নেটওয়ার্কের সাধারণ সম্পাদক চুমকি বেগম বলেন, সরকার যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই যৌনপল্লি উচ্ছেদ করছে। যৌনকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া সহজ নয়; কারণ, তাঁরা আর পরিবারে ফিরে যেতে পারেন না। সমাজের মূল স্রোতে যেতে তাঁদের কাউন্সেলিং দরকার; কর্মস্থানের দরকার।

হাসাবের নির্বাহী পরিচালক এলিসন সুব্রত বাড়ৈ বলেন, যৌনকর্মীদের মানুষ হিসেবে সমাজে কোনো মর্যাদা নেই। এমনকি মৃত্যুর পরও তাঁদের সমাহিত করার ক্ষেত্রেও আছে নানান বাধা।