আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। বিলে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে কারও মৃত্যু হলে দোষী ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল-২০১৩’ পাসের প্রস্তাব করেন ক্ষমতাসীন দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী। পরে এটি সাংসদদের কণ্ঠভোটে পাস হয়।
২০০৯ সালে এই বেসরকারি বিলটি আনেন সাবের হোসেন চৌধুরী। মন্ত্রী ছাড়া অন্য সদস্যরা আইন প্রণয়নের প্রস্তাব দিয়ে কোনো বিল আনলে তা বেসরকারি বিল হিসেবে বিবেচিত হয়।
বিলে বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক কোনো ব্যক্তির নির্যাতনের ফলে যদি মৃত্যু হয়, তবে দোষী ব্যক্তি অন্যূন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত/সংক্ষুব্ধ ব্যক্তিকে অতিরিক্ত দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
এ ছাড়া হেফাজতে নির্যাতনের জন্য সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্যাতনে প্ররোচিত বা সহায়তা করলেও জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
বিলে মামলা দায়েরের ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে বলা হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রথম লিপিবদ্ধ করার তারিখ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার বিধান রাখা হয়েছে।
আইনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা অথবা তাঁর পক্ষে কোনো ব্যক্তির গাফিলতির কারণে অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হলে অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে তাঁর কারণে অভিযোগকারী ব্যক্তি ক্ষতিগ্রস্ত হননি।
বিলে বলা হয়েছে, যুদ্ধাবস্থা, যুদ্ধের হুমকি, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা জরুরি অবস্থায় অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকারি আদেশে নির্যাতনের অজুহাত অগ্রহণযোগ্য হবে।
বিলে বলা হয়েছে, আদালতের সামনে কোনো ব্যক্তি যদি অভিযোগ করেন তাঁকে নির্যাতন করা হয়েছে, তা হলে আদালত তাত্ক্ষণিকভাবে ওই ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধ করবেন এবং রেজিস্ট্রার্ড চিকিত্সক দ্বারা তাঁর শরীর পরীক্ষার আদেশ দেবেন।
বিলে হেফাজতের মৃত্যুর সংজ্ঞা হিসেবে বলা হয়েছে, ‘সরকারি কোনো কর্মকর্তার হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু, এ ছাড়াও হেফাজতে মৃত্যু বলতে অবৈধ আটকাদেশ, আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক গ্রেপ্তারকালে কোনো ব্যক্তির মৃত্যুকেও নির্দেশ করবে; কোনো মামলায় সাক্ষী হোক বা না হোক জিজ্ঞাসাবাদের সময় মৃত্যুও হেফাজতে মৃত্যুর অন্তর্ভুক্ত হবে।’
বিলে, বিচার বিভাগীয় তদন্তের বিধানও রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে সাবের হোসেন চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী অধিকাংশ সময়ে জনগণের মৌলিক অধিকারের কথা ভুলে যায়। ফলে ন্যায়বিচার নিশ্চিত করা যায় না। এ ছাড়া আইনি হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে। আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এই বিল আনা হয়েছে।