কোনো আইন বা সরকারি সিদ্ধান্ত কোরআন-সুন্নাহর বিরোধী হলে কওমি মাদ্রাসার আলেম-ওলামারা তা মেনে নেবেন না। যদি আদালতের কোনো নির্দেশ-আদেশও এমন হয়, তাহলে তা-ও মেনে নেওয়া হবে না।গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষানীতি-২০১০ সম্পর্কে ওলামা-মাশায়েখদের এক মতবিনিময় সভায় আলেমরা এসব কথা বলেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া এই মতবিনিময়ের আয়োজন করে। সারা দেশ থেকে আগত কওমি মাদ্রাসার আলেমরা এতে বক্তব্য দেন।বেফাকুলের মহাসচিব মাওলানা আবদুল জাব্বার সভায় উদ্বোধনী বক্তব্য দেন। এতে তিনি বলেন, জাতিকে একটি শিক্ষানীতি উপহার দেওয়া নিঃসন্দেহে সরকারের সাফল্য। আর এতে যেসব সমস্যা, অসংগতি ও ত্রুটি-বিচ্যুতি রয়েছে, তা দূর করে একে সর্বাঙ্গীণসুন্দর করাও সরকারেরই কর্তব্য। উদ্বোধনী বক্তব্যে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমে সব বিষয় না পড়ানো, প্রাথমিক পর্যায়ে আরবি ভাষায় শিক্ষা দেওয়া, প্রাথমিক পর্যায়ে অভিন্ন পাঠ্যক্রম না রাখা, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় না আনাসহ বিভিন্ন দাবি জানানো হয়।পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদ্রাসার শিক্ষকেরা বক্তব্য দেন। তবে তাঁদের বক্তব্যে শিক্ষানীতি নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা সমালোচনার চেয়ে ঢালাও অভিযোগ স্থান পেয়েছে। আর বেশির ভাগ বক্তাই বোরকা পরা বাধ্যতামূলক না করার বিষয়ে উচ্চ আদালতের রায়ের সমালোচনা করেন। এ ছাড়া ধর্মনিরপেক্ষতার কঠোর সমালোচনা করেন তাঁরা।সভাপতির বক্তব্যে বেফাকুলের সহসভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন, কোরআন-সুন্নাহর বিরোধী কিছু করা হবে না। কিন্তু এখন তা করা হচ্ছে। এমন কোনো আইন যদি বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে এ দেশের মানুষ তা মানবে না। বেফাকুলের সহসভাপতি আনোয়ার শাহ্ বলেন, এখন ধর্মনিরপেক্ষতার নামে যা চলছে, সেটা ধর্মহীনতার নামান্তর।খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমদউল্লাহ্ আশরাফ বলেন, আওয়ামী লীগ আর বিএনপিকে কখনো বিশ্বাস করা যাবে না। তারা ইসলামের পক্ষে কোনো কাজ করার যোগ্যতাই রাখে না। খেলাফত মজলিশের একাংশের নেতা মাওলানা আবদুর রব ইউসূফী বলেন, বর্তমান সরকার যেন ইসলামের মুখোমুখি দাঁড়িয়েছে। ’৭২ সালে দেশের সাত কোটি মানুষের অনুভূতিকে বিবেচনায় এনে সংবিধান রচনা করা হয়নি। পরে জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ ক্ষমতায় এসে জনগণের মনের কথা বুঝতে পেরে সংবিধানে বিসমিল্লাহ সংযোজন ও ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন। বর্তমান সরকার আবার সেগুলো বাতিল করতে চাইছে।বেফাকুলের সহকারী মহাসচিব আবুল ফাত্তাহ্ মো. ইয়াহিয়া মতবিনিময় সভার উদ্বোধনী বক্তব্য সব জেলা প্রশাসক ও সাংসদদের দেওয়া এবং সব জেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ করার কথা ঘোষণা করেন। তবে তিনি কোনো দিনক্ষণ উল্লেখ করেননি।