আইন বাতিলের ঘোষণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনন্দ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিল হবে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার পর গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উৎসব করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই শিক্ষার্থীরা নেচে-গেয়ে ও রং ছিটিয়ে আনন্দ উৎসব শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় শোভাযাত্রা বের করেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রা বিজ্ঞান অনুষদ চত্বর থেকে শুরু হয়। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাই অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন, সবার ঐকান্তিক চেষ্টায় বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারাটি বাতিল হওয়ার দ্বারপ্রান্তে। তিনি আইনটি বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর, শিক্ষক কামালউদ্দীন আহমেদ, এস এম আনোয়ারা বেগম প্রমুখ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল তাঁরা পেয়েছেন। আইন বাতিলের মতো আবাসন-সংকট নিরসনসহ জগন্নাথকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠায়ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। আইনটি বাতিলের দাবিতে গত ২৫ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে দুর্গাপূজার ছুটি এগিয়ে এনে গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। গত বুধবার প্রধানমন্ত্রী জগন্নাথ, কুমিল্লা ও কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে চলতে হবে—এমন আইনের ধারা বাতিলের ঘোষণা দেন।