অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (দ্বিতীয় সংশোধনী) ২০১৩ পাস হওয়ার পর আইনটির বাস্তবায়ন-প্রক্রিয়া ‘বাধাগ্রস্ত’ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সেল।
জাতীয় নাগরিক সেলের পক্ষে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি জেলায় ভূমি প্রশাসনের কর্মকর্তারা এই আইনের অপব্যাখ্যা দিয়ে এর কার্যক্রম স্থগিত করে রেখেছেন। এর ফলে লাখ লাখ ভুক্তভোগী এই আইনের সুফল পাচ্ছেন না। খোদ ঢাকায় এই আইন কার্যকর হচ্ছে না। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর ঢাকা জেলা প্রশাসনের রাজস্ববিষয়ক এক সভায় অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকা বাতিলের গেজেট ও পরিপত্র বাস্তবায়নের নির্দেশ না দিয়ে তা মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে আখ্যা দেওয়া হয়।
বিবৃতিতে অবিলম্বে ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র বাস্তবায়ন করে জনগণের ভোগান্তি কমানোর দাবি জানানো হয়। এতে স্বাক্ষর করেন কামাল লোহানী, সুলতানা কামাল, খুশী কবির, আবুল বারকাত, রাণা দাশগুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।