আইন বিভাগে শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পরও পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ৫১ শিক্ষার্থী তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। 

আজ মঙ্গলবার বিভাগের একাডেমিক কমিটি পরীক্ষা দিতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেওয়ার পর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে গত রোববার বেলা ১১টা থেকে বিভাগের সামনে ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেন প্রয়োজনীয় সংখ্যক ক্লাসে অনুপস্থিতির কারণে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা। ওই দিন থেকে শিক্ষার্থীরা বিভাগের সভাপতির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ছিলেন। বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যাদের ৬০ শতাংশের নিচে ক্লাসে উপস্থিতি আছে তাঁরাও এ কর্মসূচিতে যোগ দেন। এরই মধ্যে গতকাল সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উদ্ভূত পরিস্থিতিতে আজ একাডেমিক কমিটির সভা আহ্বান করা হয়। বেলা সাড়ে ১১টায় একাডেমিক সভা শেষে বিভাগের শিক্ষকেরা আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে গিয়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এরপর কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘শিক্ষার্থী ও বিভিন্ন পক্ষের দাবির বিষয়টি নিয়ে বিভাগের একাডেমিক কমিটির সভায় আলোচনা হয়েছে। তবে একাডেমিক কমিটির প্রায় সব সদস্য নিয়ম অমান্য করে পরীক্ষা দিতে না দেওয়ার পক্ষে মত দেন।’ তিনি বলেন, সভা শেষে শিক্ষকেরা আন্দোলনরতদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষকেরা তাঁদের বুঝিয়ে আন্দোলন থেকে সরে যাওয়ার কথা বললে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন।
এদিকে দ্বিতীয় বর্ষের ১১০ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ জন নির্দিষ্ট সংখ্যক ক্লাসে অনুপস্থিত থাকায় ফরম পূরণের সুযোগ পাননি। তাঁরাও ওই অনশনে যোগ দিয়েছিলেন। ওই বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে মঙ্গলবার বিভাগের সভাপতি জানান।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে প্রত্যেক শিক্ষার্থীকে ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হয়। বিশেষ কারণে তা সম্ভব না হলে জরিমানা সাপেক্ষে পরীক্ষার সুযোগ দেওয়া হয়। তবে সে ক্ষেত্রেও ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে ৬০ শতাংশের নিচে ক্লাসে উপস্থিত থেকেও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো। কিন্তু এবার হঠাৎ করে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।