চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পুলিশ বলছে, এটি আত্মহত্যা।পুলিশ জানায়, নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকার একটি বাসায় লোকমান মাহমুদ নামে ওই ছাত্র গত বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, লোকমান অসুস্থতার কারণে তৃতীয় বর্ষের কয়েকটি বিষয়ে পরীক্ষা দিতে পারেননি। তাই বিভাগ থেকে বিশেষ অনুমতি চেয়েছিলেন। কর্তৃপক্ষ তাতে সাড়া না দেওয়ায় লোকমান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে লোকমানের বড় ভাই ওসমান মা ও স্ত্রীকে নিয়ে বাইরে বেড়াতে যান। রাতেই তাঁরা বাসায় ফিরে ঘরের কলবেলে চাপ দেন। ভেতর থেকে সাড়াশব্দ পাচ্ছিলেন না। এতে আশপাশের লোকজনও বাসার সামনে জড়ো হয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে লোকমানের ঝুলন্ত লাশ দেখতে পায়। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে লোকমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি বলেন, এটি আত্মহত্যা। রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় লোকমানের বড় ভাই মোহাম্মদ ওসমান বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।আইন অনুষদের ডিন জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘লোকমানের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফল খুব ভালো ছিল। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করল, তা বলতে পারব না।’