আইন ভেঙে কৃষিজমিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট পোড়ানোর আইল লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ফসলি জমিতে ইটভাটা তৈরি হচ্ছে। এতে আশপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত হবে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ২০ বিঘা জমিতে টিপু ব্রিকস নামের একটি ইটভাটার অবকাঠামো তৈরি করা হচ্ছে। ১৫ দিন ধরে শতাধিক শ্রমিক এখানে কাজ করছেন। কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরের গোলাম কিবরিয়া এটি নির্মাণ করছেন। তিনি এটি নির্মাণে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেননি।গোলাম কিবরিয়া দাবি করেন, তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়ে ইটভাটা নির্মাণ করছেন। তবে তিনি তাঁর দাবির সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে ভূমি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আবাদি কৃষিজমিতে ইটভাটা তৈরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ছাড়া ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধিত) অনুযায়ী কৃষিজমিতে ইটভাটা না করার নির্দেশনা দেওয়া আছে।স্থানীয় কৃষক আমির হোসেন বলেন, কৃষকেরা ফসলের জমি এক বিঘা ইজারা দিলে বছরে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পান, আর ইটভাটার জন্য প্রতি বিঘা জমিতে ১২ হাজার টাকা পান।ইটভাটার স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা ঝিকঝাক (ছোট চিমনি) ইটভাটা তৈরি করছি। পরিবেশের ছাড়পত্রের জন্য আবেদন করেছি। এখনো ছাড়পত্র পাইনি।’ তিনি পরিবেশের কোনো ক্ষতি হবে না দাবি করে আরও জানান, বড় চিমনি দিয়ে ইটভাটা তৈরি করলে পরিবেশের ক্ষতি হয়। কিন্তু তাঁরা ঝিকঝাক ইটভাটা তৈরি করছেন। এতে শুষ্ক মৌসুমে এ জমিতে মরিচ এবং বর্ষা মৌসুমে আমন ধান চাষ করা যাবে।ইউএনও মো. রাহেদ হোসেন বলেন, ‘নতুন ইটভাটা নির্মাণ সম্পর্কে আমার জানা নাই, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা নির্মাণ করা যাবে না, কৃষিজমিও নষ্ট করা যাবে না।’ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শশাঙ্ক শেখর ভৌমিক একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।