আইন ভেঙে ট্রাভেল এজেন্সি চালালে জরিমানা
আইন ভেঙে ট্রাভেল এজেন্সি পরিচালনা করলে ৫০ হাজার টাকা জরিমানা হবে। এই বিধান রেখে গতকাল সোমবার ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ সংসদে উত্থাপিত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিলটি উত্থাপন করেন। পরে এক দিনের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এই বিলটি পাস হলে ১৯৭৭ সালের এ-সংক্রান্ত অধ্যাদেশ রহিত হয়ে যাবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কেউ এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক ছয় মাসের জেল এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আগের আইনে অর্থদণ্ড ছিল দুই হাজার টাকা।
নতুন আইন কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে অধ্যাদেশের অধীনে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
এ ছাড়া গতকাল ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল ২০১৩’ ও নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল ২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিল সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলটি আইনে পরিণত হলে ১৯৭৭ সালের এ-সংক্রান্ত অধ্যাদেশ রহিত হয়ে যাবে।
নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
দুটি বিল প্রত্যাহার: গতকাল ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০১০ এবং আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১০ সংসদ থেকে প্রত্যাহার করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রত্যাহারের প্রস্তাব করলে বিল দুটি প্রত্যাহার হয়।
বর্তমান সংসদে এর আগে কোনো বিল প্রত্যাহার হয়নি। বিল দুটি সংসদে উত্থাপিত হয়েছিল ২০১০ সালে।