দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধন, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের দীর্ঘ ছুটি ও বিএনপিকে নিয়ে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সুরঞ্জিত।
দুদকের আইন সংশোধন সম্পর্কে সুরঞ্জিত সেন বলেন, বিভিন্ন প্রতারণামূলক মামলা থানা থেকে নিষ্পত্তি করা যায়। এটা দুদক আইনে গেলে দুদকও যাবে, থানাও যাবে। তিনি বলেন, ‘১০ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশন শেষ হওয়ার আগেই এসব মামলা পেনাল কোডে ফেরত নিতে হবে। আইন মন্ত্রণালয় কীভাবে অমনোযোগী হয়ে এ আইন করল তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’
২০১৩ সালের ২০ নভেম্বর প্রতারণা, ঘুষ লেনদেন এবং জমি জাল-জালিয়াতিসহ এ ধরনের বিভিন্ন অপরাধ দুদক আইন-২০০৪-এ তফসিলভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে প্রতারণা, ঘুষ, জমির জাল-জালিয়াতি—এ ধরনের অভিযোগ এখন জানাতে হবে দুদকে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ দীর্ঘদিন বিদেশে অবস্থান করা প্রসঙ্গে সুরঞ্জিত সেন বলেন, ‘তাঁর দীর্ঘ ছুটিতে যাওয়াকে ডিফেন্ড করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। মানুষ মনে করে উপজেলা নির্বাচন চলার সময় তাঁর এ দীর্ঘ ছুটিতে থাকা ঠিক হয়নি।’
জাতীয় নির্বাচনে অংশ না নিলেও নির্দলীয় উপজেলা নির্বাচনে এসে বিএনপি ‘নাকে খত’ দিয়েছে বলে ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারকের দেওয়া বক্তব্যের সমালোচনা করেন সুরঞ্জিত সেন। তিনি বলেন, ‘এটি একটি মর্যাদাপূর্ণ ও সাংবিধানিক পদ। মানুষ তাঁর কাছ থেকে সংযত ও ভালো আচরণ প্রত্যাশা করে। এত তির্যক ও তীব্রভাবে সমালোচনা ঠিক নয়।’