আইন মন্ত্রণালয়ে দুই সচিব নিয়োগ নিয়ে আবার বিতর্ক
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই বিভাগে সচিবের দায়িত্ব দেওয়া নিয়ে দুই রকমের আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এ দুটি আদেশেরই বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এতে প্রধানমন্ত্রীর অনুমোদন নেই।শুধু বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্য থেকে আইন মন্ত্রণালয়ে সচিব নিয়োগের সুযোগ রয়েছে বলে উচ্চ আদালতের নির্দেশের পর গতকাল সোমবার দুপুরে ও বিকেলে দুই ধরনের আদেশ দিয়ে মন্ত্রণালয়ের দুটি বিভাগে দুজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে দুটি বিভাগ করা হয়েছে। এখন দুটি বিভাগে আছে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং আইন ও বিচার বিভাগ।মন্ত্রণালয়ের প্রথম আদেশে আইন ও বিচার বিভাগে সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয় একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের চলতি দায়িত্বে থাকা আনোয়ারুল হককে। আর লেজিসলেটিভ ও সংসদ বিভাগে সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয় একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল হককে। দুটি আদেশেই সই করেন উপসচিব (প্র.) প্রণব কুমার ঘোষ। রাষ্ট্রপতির আদেশক্রমে এ দুটি আদেশ জারি করা হয়। তবে আগের আদেশে প্রজ্ঞাপন উল্লেখ থাকলেও পরে লেখা হয় অফিস আদেশ এবং ‘রাষ্ট্রপতির আদেশক্রমে’ শব্দ দুটি বাদ দেওয়া হয়।আইনমন্ত্রী শফিক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আইন ও বিচার বিভাগে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, সচিব কখনো দেশের বাইরে থাকলে অফিস আদেশ দিয়ে কাউকে চলতি দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে এবং সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হয় না। এখন তাই করা হয়েছে। তবে ড্রাফটিং বিভাগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা বা মতামত প্রযোজ্য নয় বলে জানান আইনমন্ত্রী। জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, সরকারি সব আদেশ-নির্দেশ রাষ্ট্রপতি সই না করলেও তাঁর নামেই জারি করার বিধান রয়েছে। তা ছাড়া সরকারি কর্মবণ্টন নীতিমালা (রুলস অব বিজনেস) অনুযায়ী সচিবালয়ে উপসচিব থেকে ওপরের যেকোনো পদে নিয়োগ করতে হলে তাতে প্রধানমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক। এ ক্ষেত্রে তা নেওয়া হয়ে থাকলে ‘রাষ্ট্রপতির আদেশক্রমে’ শব্দ দুটি বাদ দেওয়ার কোনো কারণ নেই। তবে সচিব নিয়োগের ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত মন্ত্রণালয় হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়। জানা যায়, ১৯৯২ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা সচিব বা অতিরিক্ত সচিবের চলতি দায়িত্ব দেওয়ার আদেশে বলা আছে, জ্যেষ্ঠতা ও পদোন্নতির যোগ্য কর্মকর্তাকেই শুধু এ ধরনের দায়িত্ব দেওয়া যাবে। ড্রাফটিং বিভাগে সচিবের চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও এই বিধান লঙ্ঘন করা হয়েছে। কারণ এই বিভাগের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিবকে অতিক্রম করেই আরেকজনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।