আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে পাসপোর্টে সত্যায়ন লাগবে না
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্ট আবেদন ফরমে সত্যায়ন না রাখার জন্য তাঁরা প্রস্তাব দিয়েছেন। স্বরাস্ট্র মন্ত্রণালয় এটাকে স্বাগত জানিয়েছে। আইন মন্ত্রণালয় অনুমোদন দিলেই তা তুলে নেওয়া হবে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. মাসুদ রেজওয়ান এ কথা বলেন। তিনি মনে করেন, সত্যায়নের নিয়ম উঠে গেলে মানুষের হয়রানি কমবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত ২১ আগস্ট একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে পাসপোর্ট সেবা নিয়ে। সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল পাসপোর্ট অধিদপ্তর এ সংবাদ সম্মেলন করে।
লিখিত বক্তব্যে মাসুদ রেজওয়ান বলেন, টিআইবির প্রতিবেদনে যেসব ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ এসেছে তার প্রায় সবই পাসপোর্ট অধিদপ্তরের বাইরের। টিআইবির গবেষণায় উল্লেখ আছে সেবাগ্রহীতাদের ৫৫ দশমিক ২ শতাংশ এ অধিদপ্তরে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির শিকার। এ কথা গ্রহণযোগ্য নয়।
তবে অধিদপ্তরের মহাপরিচালক স্বীকার করেন, পাসপোর্ট অফিসের ভেতরে কিছু পরিমাণে দুর্নীতি আছে এবং তা দূর করার চেষ্টা করবেন তিনি।
পুলিশি তদন্ত (ভেরিফিকেশন) নিয়ে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, পুলিশ ভেরিফিকেশন এখনো দরকার। অনেক রোহিঙ্গা ও ভারতীয় কিছু নাগরিক এসে পাসপোর্ট করতে এসেছে, যা ধরা পড়েছে। সবার স্মার্ট আইডি কার্ড হয়ে গেলে তখন হয়তো চিন্তা করা হবে, এটার প্রয়োজন আছে কি না।
পাসপোর্ট কার্যালয়ে দালাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ রেজওয়ান বলেন, ‘আমাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই, আলাদা ফোর্স নেই। র্যাব, পুলিশ দিয়ে ধরার ছয় মাস পর বের হয়ে আসে। গত এক বছরে ৮৯০ জনকে গ্রেপ্তার করেছি।’ তিনি বলেন, মানুষ অফিসে না ঢুকে দালাল খোঁজে। সেবাগ্রহীতাদের সরাসরি অফিসে এসে সেবা নেওয়ার অনুরোধ জানান তিনি।