আইন মানছেন না প্রার্থীরা, কঠোর হতে পারছে না ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি ও আইনকানুনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছেন। প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন (ইসি) কঠোর হতে পারছে না। প্রয়োজনে নির্বাচনের আগেই সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

ঢাকার দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যক্তিগত তথ্য উপস্থাপন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ কথা বলেছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজন আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলা, আয়, সম্পদ, দায়দেনা ও ঋণ এবং আয়করসংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ভোটাররা যাতে প্রার্থীদের সম্পর্কে জেনেশুনে ভোট দিতে পারেন, সে জন্য এসব তথ্য তুলে ধরা হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের অনেকের পেশা ঠিকাদারি। তাঁরা নির্বাচিত হলে শিয়ালকে মুরগি পাহারার দায়িত্ব দেওয়ার মতো হবে। যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁরা সবাই দোষী নন। বিরোধী দলের প্রার্থীদের বিরুদ্ধে বেশি মামলা আছে। তাঁদের অনেকেই প্রচারণা চালাতে পারছেন না। এ ক্ষেত্রে কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন সুষ্ঠু না হলে যারা হারবে, তারা আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন আবারও সহিংতায় রূপ নিতে পারে।

সুজনের নির্বাহী সদস্য হামিদা হোসেন বলেন, নির্বাচন দলীয়ভাবে হচ্ছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ক্ষমতা প্রয়োগ করছে না।

আরেক নির্বাহী সদস্য রিজওয়ানা হাসান বলেন, দলগুলো যোগ্য প্রার্থী খুঁজে পায়নি। সে জন্য ‘ক্লিন ইমেজের’ লোকজন ধরে নিয়ে এসে মনোনয়ন দিয়েছে। এসব প্রার্থী ক্লিন হলেও তাঁদের আয় দেখলে মন খারাপ হয়ে যায়।

প্রার্থীদের ব্যক্তিগত তথ্য তুলে ধরেন সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এতে দেখা যায়,​ কোটি টাকার ওপরে আয় রয়েছে এমন প্রার্থীদের মধ্যে উত্তর সিটির মেয়র পদপ্রার্থী আনিসুল হকের বার্ষিক আয় ২ কোটি ১২ লাখ টাকা এবং তাবিথ আউয়ালের ১ কোটি ৬০ লাখ টাকা। দক্ষিণ সিটিতে মির্জা আব্বাস উদ্দিন আহমদের আয় ৭ কোটি ৮৪ লাখ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের আয় ১ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার টাকা।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বলা হয়েছে, আইনগতভাবে নির্দলীয় নির্বাচন হলেও রাজনৈতিক দল থেকে প্রার্থীদের সমর্থন দেওয়া হচ্ছে, প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে। আবার প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপও দেওয়া হচ্ছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রচারণায় নেমেছেন। গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মিছিল হচ্ছে। বিষয়গুলো নির্বাচনী আইনের লঙ্ঘন। এসব রোধে দায়সারাভাবে নোটিশ দিয়ে সতর্ক বা জরিমানা করলে চলবে না। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কমিশনকে আরও কঠোর হতে হবে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।