আইন মান্যকারী বাংলাদেশিদের ভয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা সেখানকার আইন মেনে চললে কোনো হয়রানির শিকার হবেন না। দেশটির স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম গতকাল শনিবার এ আশ্বাস দিয়েছেন। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
শানমুগাম গতকাল সিঙ্গাপুরের খাদিজাহ্ মসজিদে বাংলাদেশি সম্প্রদায়ের সম্মানে এক মধ্যাহ্নভোজে যোগ দেন। এরপর সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকেরা নিজেদের পরিবারের জন্য উপার্জন করতে সিঙ্গাপুরে এসেছেন। যত দিন তাঁরা সেই কাজে যুক্ত থাকবেন, সুরক্ষা পাবেন। তাঁদের কিছু হবে না। বিপদের আশঙ্কায় তাঁদের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কারণ, তাঁদের ২৭ জন সহকর্মীকে গ্রেপ্তার করে ২৬ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের উদ্দেশে আরেকটি জোরালো বার্তা দিয়েছেন। ধর্মকে কট্টরপন্থী উদ্দেশ্যে ব্যবহার করলে অথবা কোনো ধরনের অবৈধ কাজে জড়ালে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কেউ যদি সিঙ্গাপুরে আক্রমণের চিন্তাভাবনা করে অথবা বাংলাদেশ বা অন্য যেকোনো দেশে হামলার ষড়যন্ত্র করে, আমরা খুঁজে বের করব। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।’
সিঙ্গাপুরের সব সম্প্রদায়ের প্রতি সরকারের বার্তা কী, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরে ইসলাম নিয়ে আতঙ্ক বা বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা রয়েছে। জনগণকে শেখাতে হবে যে এমন ধারণা ঠিক নয়। সন্ত্রাসবাদের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। এ জন্য সমগ্র সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। আমরা যদি ইসলামের অনুসারীদের ওপর সন্ত্রাসের কলঙ্ক দেওয়ার পথ বেছে নিই, সিঙ্গাপুর সংকটে পড়ে যাবে।’
অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান বা তল্লাশি শুরু হবে কিনা জানতে চাইলে শানমুগাম বলেন, সিঙ্গাপুরকে নিরাপদ ও সুরক্ষিত রাখার স্বার্থে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।
অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ২৭ জন বাংলাদেশিকে সিঙ্গাপুরে গ্রেপ্তার করে ২৬ জনকে অন্তত এক মাস আগে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাকি একজন এখনো সে দেশের কারাগারে বন্দী রয়েছেন। তাঁরা বাংলাদেশে সশস্ত্র জিহাদের চিন্তাভাবনা করছিলেন এবং বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীর কাছে অর্থও পাঠিয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের নাম ও ছবি গত বুধবার ওই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।