আইন মেনে ব্যবসা করা সম্ভব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ বিধিমালা বা বিদ্যমান পরিবেশ আইন মেনে ইটভাটার ব্যবসা করা সম্ভব নয় বলে জানিয়েছেন উত্তরবঙ্গের ১৬ জেলার ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতির নেতারা।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডলকে ভাটা মালিকেরা সাফ জানিয়ে দেন, আবাদি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ছাড়া ইট প্রস্তুত করা সম্ভব নয়। ইটভাটায় পুকুর বা খালের মাটি ব্যবহারের প্রশাসনের অনুমতি মানাও তাঁদের পক্ষে অসম্ভব।
তাঁদের দাবি, প্রচলিত আইনে ইটভাটা পরিচালনায় যতটা কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, এসব শর্ত মেনে ভাটা চালানো তাঁদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ইটভাটার কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে—এমনটা স্বীকার করলেও মালিকেরা তাঁদের ভাটাকে পরিবেশবান্ধব উন্নত প্রযুক্তিতে রূপান্তর এবং ভাটার ছাইয়ে সালফার নিয়ন্ত্রণের বিপক্ষে অবস্থান তুলে ধরেন। কেউ কেউ উন্নত প্রযুক্তিতে রূপান্তরে এবং নতুন করে আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপনে সরকারিভাবে প্রণোদনা ও ঋণ সহায়তা দেওয়ার দাবি জানান।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার সকালে বগুড়ার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে উত্তরবঙ্গের ইটভাটা মালিকেরা প্রচলিত বিধিমালার বিপক্ষে তাঁদের অবস্থান তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের কেস প্রকল্পের পরিচালক এস এম মঞ্জুরুল হান্নান খান। অন্যদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক এ কে এম মাসুদুজ্জামান, অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ সোলায়মান হায়দার, পরিবেশবিষয়ক আইন পরামর্শক হাফিজুল ইসলাম খান, বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত-উদ দোলা খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ডু প্রমুখ বক্তব্য দেন।
বগুড়া জেলা ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘প্রচলিত আইন মেনে ইটভাটার ব্যবসা করা মালিকদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিধিমালা শিথিল না করে পরিবেশ অধিদপ্তর থেকে উল্টো উন্নত প্রযুক্তির নামে ভাটা মালিকদের ওপর অবাস্তব নানা আইন চাপিয়ে দেওয়া হচ্ছে।’ এভাবে অবাস্তব বিধিমালা তৈরি না করে ইটভাটা ব্যবসা বন্ধের উদ্যোগ নেওয়ার পক্ষে মত দেন তিনি।
রংপুর জেলা ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আজিজুল হক বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামো ও দালানকোঠা বেড়ে যাওয়ায় ইটের চাহিদা বেড়েই চলছে। বদরগঞ্জে এক উপজেলাতেই ৪৩টি ইটভাটা আছে। সব ইটভাটাতেই আবাদি জমির ওপরের মাটি (টপ সয়েল) ব্যবহার করা হচ্ছে। কারণ টপ সয়েল ছাড়া ইট তৈরি সম্ভব নয়। আর উন্নত প্রযুক্তিতে ভাটা রূপান্তরের কথা বলা হলেও এতে যে আর্থিক খরচ হয়, তাতে সরকার কোনো প্রণোদনা বা ভর্তুকি দেয় না। ফলে জিগজ্যাগ বা ইম্প্রুভ জিগজ্যাগে ভাটা রূপান্তরে মালিকেরা উৎসাহিত হয় না।’
নাটোর জেলা ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘মালিকদের ভুলে ইটভাটা পরিবেশ ও কৃষির অনেক সময় ক্ষতি করে। আধুনিক প্রযুক্তির ভাটা পরিচালনার অনভিজ্ঞতার কারণে অনেক ইটভাটা কৃষির ক্ষতি করছে। একবার আমার নিজের ইটভাটার কারণে নিজের আবাদেরই ক্ষতি হয়েছিল। তবে এখন জিগজ্যাগ ভাটার ব্যবহার ও সংরক্ষণ শিখে ফেলেছি। ইটের ব্যবসা থেকেই ভাটা এলাকায় ৬৪ বিঘা জমি কিনেছি।’
উত্তরবঙ্গ ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতির আহ্বায়ক সদরুল ইসলাম বলেন, ‘আবাদি জমির টপ সয়েলের ব্যবহার বন্ধ করতে হলে ইটভাটায় পুকুর-খালের মাটি ব্যবহারে বিধিনিষেধ সহজ করতে হবে। তা ছাড়া অর্থ সমস্যার কারণে ইটভাটায় প্রযুক্তিগত পরিবর্তন রাতারাতি সম্ভব নয়।’
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রভাষক ফিরোজ মিয়া বলেন, সমস্যার অজুহাত দিয়ে ইটভাটা মালিকেরা পরিবেশের ক্ষতি করবে—এটা হতে পারে না। সমস্যা থাকলে সেটা সমাধানে উদ্যোগ নেওয়া যেতে পারে। তাই বলে প্রচলিত আইন অমান্য ও পরিবেশের ক্ষতি করে ব্যবসা করা উচিত নয়।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল বলেন, দেশকে বাঁচাতে হলে পরিবেশকে বাঁচাতে হবে। আর পরিবেশকে বাঁচাতে হলে ইটভাটা মালিকদের পরিবেশ বিধিমালা মেনে ভাটা স্থাপন এবং পুরোনো ভাটাকে উন্নত প্রযুক্তিতে রূপান্তরের মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। বিধিমালা না মানার অজুহাত হিসেবে কোনো যুক্তিকেই পরিবেশ অধিদপ্তর গ্রহণ করবে না। বিধিমালা লঙ্ঘন করে যেসব ইটভাটা চলছে, খুব শিগগির সেসব ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।