আইন যখন বলবে তখনই কমিশন নির্বাচন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, ‘সরকার যখন বলবে তখন নয়, আইন যখন বলবে তখনই নির্বাচন কমিশন নির্বাচন করবে।’ নির্বাচন কমিশনে গতকাল রোববার এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।দশম জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের আগে করতে হলে, কমিশন যথেষ্ট প্রস্তুত আছে কি না—এ প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, ‘এসব হাইপোথেটিক্যাল বিষয়। এ নিয়ে তো আগাম কথা বলতে পারি না।’নির্বাচন কমিশন যেকোনো পরিস্থিতিতে নির্বাচন করতে প্রস্তুত জানিয়ে কাজী রকিব উদ্দীন বলেন, ‘জাতীয় নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হয়। এ জন্য প্রধান দুটি কাজ হলো ভোটার তালিকা তৈরি ও সীমানা পুনর্নির্ধারণ করা। এরপর আছে নির্বাচনী মালামাল কেনা। আমাদের ভোটার তালিকার কাজ শেষ হবে জানুয়ারির মধ্যে। সীমানা পুনর্নির্ধারণের কাজও যথাসময়ে শেষ হবে। অমোচনীয় কালিসহ অন্য মালামাল কেনার উদ্যোগ চলছে। সুতরাং নির্বাচনের জন্য আমরা সর্বদা প্রস্তুত।’আগাম নির্বাচন হলে কোন ভোটার তালিকায় নির্বাচন হবে, জানতে চাইলে সিইসি বলেন, কেউ মারা গেলে বা অন্য কোনো কারণে আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। তাই হালনাগাদ কাজ চললেও গাজীপুরে (গাজীপুর-৪) বিদ্যমান তালিকাতেই নির্বাচন হচ্ছে। নভেম্বরে টাঙ্গাইল উপনির্বাচনেও তাই হবে। নিয়ম অনুযায়ী হালনাগাদ তালিকা প্রস্তুত না থাকলে বিদ্যমান তালিকাতেই নির্বাচন করতে হয়।