আইন লঙ্ঘন করে খালের জমিতে গুদাম নির্মাণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে পারটেক্স জুট মিলস নামের একটি পাটকল কর্তৃপক্ষ পরিবেশ আইন লঙ্ঘন করে পানিনিষ্কাশনের খালে গুদাম নির্মাণ করছে। এতে আগামী বর্ষা মৌসুমে ওই এলাকার দুই হাজার বিঘা জমিতে ধান চাষ করা যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
গুদাম নির্মাণের কাজ বন্ধ করতে এলাকার কৃষকদের পক্ষ থেকে গত ২৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডোবরাগোড়ার দোপ নামের এ খালটি চিতারবাজার এলাকায় কুমার নদ থেকে শুরু হয়ে ডোবরার বিলে গিয়ে শেষ হয়েছে। দেড় কিলোমিটার দীর্ঘ খালটির প্রস্থ (স্থানভেদে) ২৩-২৬ ফুট। এ খাল দিয়ে বর্ষা মৌসুমে ডোবরা, আরাজি শিবানন্দপুর, লক্ষ্মীপুর, কেন্দ্র ডোবরা, শিবানন্দপুর, মোহনপুর, কয়ড়া গ্রামের দুই হাজার বিঘা জমির পানিনিষ্কাশন করা হয়।
নভেম্বর মাসের মাঝামাঝি পারটেক্স জুট মিলস কর্তৃপক্ষ ডোবরা গ্রাম এলাকায় খালের এক হাজার বর্গফুট জমিতে গুদাম নির্মাণের কাজ শুরু করলে এলাকাবাসী বাধা দেন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। পরে এলাকার ১৫৩ জন কৃষক ইউএনওর কাছে আবেদন করলে তিনি উপজেলা ভূমি কার্যালয়ের এক কর্মকর্তাকে বিষয়টি দেখে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ওই কর্মকর্তা সেখানে গিয়ে খালে স্থাপনা নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়ার পর নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন। ওই নির্দেশ উপেক্ষা করে কারখানা কর্তৃপক্ষ গুদাম নির্মাণের কাজ শেষ করেছে।
ডোবরা গ্রামের কৃষক আলম শেখ বলেন, খালে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের মামলা করেছে।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল গফুর বিশ্বাস বলেন, ‘গত ২২ নভেম্বর আমি পাটের গুদামের নির্মাণকাজ নিয়ে হট্টগোলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় এলাকাবাসী সংগঠিত হয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।’
কারখানার মহাব্যবস্থাপক (প্লান্ট) কাওসার আলী মোল্লা বলেন, ‘খালের কিছু অংশ সর্বশেষ মাঠ-জরিপে ব্যক্তিমালিকানায় রেকর্ড হয়েছে। আমরা ওই জমি ডোবরা গ্রামের জনৈক আবদুল মালেকের কাছ থেকে কিনে নিয়েছি। তাই খাল দখলের অভিযোগ ঠিক নয়।’
সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম জানান, এলাকার কৃষকদের প্রয়োজনেই খালটি খনন করা হয়েছে। এ খালটি দীর্ঘদিন এলাকার কৃষকদের পানিনিষ্কাশনের কাজে ব্যবহূত হয়ে আসছে।
ইউএনও মো. সহিদুজ্জামান বলেন, এ ব্যাপারে গ্রামবাসীর লিখিত অভিযোগ পাওয়ার পর উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারক (সার্ভেয়ার) সোহেল রানাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোহেল রানা বলেন, ‘আমি সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখতে বললেও তারা কথা শোনেনি।’ তিনি আরও জানান, ব্যক্তিমালিকানাধীন হলেও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী খালের জমির শ্রেণী পরিবর্তন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেবেন।