আইন লঙ্ঘন করে চলছে দুটি ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব মান্দারী গ্রামের আপন ব্রিকসে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব মান্দারী গ্রামের আপন ব্রিকসে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব মান্দারী গ্রামের দুটি ইটভাটার কার্যক্রম চলছে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া। এ ছাড়া আইন লঙ্ঘন করে শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের ভেতরে তৈরি করা হয়েছে ইটভাটা দুটি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা করা যাবে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল হোসেন বলেন, পূর্ব মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে তৈরি করা হয়েছে আপন ব্রিকস নামের ইটভাটা। এই ভাটার ২৫০ থেকে ৩০০ মিটারের মধ্যে রয়েছে মান্দারী জিল্লুর রহিম কলেজ। আর ভাটাটির একেবারে পাশে রয়েছে বসতবাড়ি।
এ ছাড়া পূর্ব মান্দারী গ্রামে প্রবেশের মুখে রয়েছে এএসবি ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের আরেকটি ইটভাটা। ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন বলেন, এই ইটভাটার ১২০ থেকে ১৩০ মিটারের মধ্যে পূর্ব মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর মান্দারী জিল্লুর রহিম কলেজের অবস্থান ভাটার ৩০০ থেকে ৩৫০ মিটারের মধ্যে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, আপন ব্রিকসে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বছর দুয়েক আগে স্থানীয় ব্যবসায়ী নেছার আহম্মদের কাছ থেকে আপন ব্রিকস নামের ইটভাটাটি কেনেন মো. নুরুজ্জামান। অবশ্য আগে ভাটাটির নাম ছিল পলাশ ব্রিকস।
আপন ব্রিকসের পাশের বাড়ির মো. ইমরান হোসেন ও আবুল খায়ের বলেন, ইটভাটার কারণে তাঁদের বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক বছর ধরে বিভিন্ন ফল গাছে ফল ধরছে না। ধুলাবালু ও ছাই পড়ে ঘরের টিন নষ্ট হয়ে যাচ্ছে। বাড়ির শিশু ও বয়স্ক লোকজন শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
জানতে চাইলে আপন ব্রিকসের মালিক মো. নুরুজ্জামান বলেন, তিনি পরিবেশ অধিদপ্তরের অনুমতির জন্য আবেদন করেছেন।
এদিকে এএসবি ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের ইটভাটাও চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া।
ইটভাটার মালিক আবুল হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য তিনি আবেদন করেছেন। ওই আবেদনের ফটোকপি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন বলেন, মাঠের ফসল নষ্ট হওয়ায় গত বছর দুটি ইটভাটার মালিকের কাছ থেকে সামান্য ক্ষতিপূরণ আদায় করে কৃষকদের দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, গত এক সপ্তাহে কমলনগরের একটি, রামগতির ছয়টি ও লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীপুরের অবৈধ ইটভাটাগুলোতে অভিযান চালানো হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।