আইন লঙ্ঘন করে জলমহাল ইজারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমহাল নীতিমালা লঙ্ঘন করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের শাকপালা জলমহাল (বিল) ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় মৎস্যজীবীরা গত ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় প্রতিপক্ষ যাতে দখল নিতে না পারে সেজন্য তাঁরা লাঠিসোঁটা নিয়ে জলমহলটি পাহাড়া দিচ্ছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামে অবস্থিত শাকপালা জলমহাল। এর আয়তন ২২ একর ৩৮ শতক। দীর্ঘদিন ধরে জলমহালটি স্থানীয় রামনাথপুর মৎস্যজীবী সমিতি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছে। কিন্তু এ বছরের ১৪ ফেব্রুয়ারি জলমহাল নীতিমালা লঙ্ঘন করে ১০ কিলোমিটার দূরের তালুককানুপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহালটি ইজারা দেওয়া হয়। পরদিন ১৫ ফেব্রুয়ারি ওই সমিতিকে জলমহালের দখল নিতে চিঠি দেওয়া হয়। অথচ ২০০৯ সালের জলমহাল নীতিমালা অনুযায়ী ইজারা দেওয়ার ক্ষেত্রে জলমহালের নিকটবর্তী মৎস্যজীবী সমবায় সমিতিকে অগ্রাধিকার দিতে হবে।
এদিকে ইজারা বাতিলের জন্য গত ২৩ ফেব্রুয়ারি রামনাথপুর মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কাছে আবেদন জানানো হয়। কিন্তু কমিশনার গত ৫ মার্চ শুনানি শেষে তালুককানুপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে। পরে রামনাথপুর মৎস্যজীবী সমিতি গত ১৪ মার্চ ঢাকার ভূমি আপিল বোর্ডে অভিযোগ দেয়। ওই দিনই ভূমি আপিল বোর্ডের সদস্য-২ এ এস শামীম আহমেদের স্বাক্ষর করা চিঠিতে ইজারার কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। তারপরও গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম ২৮ মার্চ গৃহীতাকে জলমহালের দখল বুঝে নিতে চিঠি দেয়।
এরপর ২৫ এপ্রিল রামনাথপুর মৎস্যজীবী সমিতি পুনরায় ঢাকার ভূমি আপিল বোর্ডে অভিযোগ দেয়। ওই দিনই ভূমি আপিল বোর্ড থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আগামী ৭ জুনের মধে৵ তাঁর নির্দেশের ব্যাখ্যা দিতে বলা হয়।
রামনাথপুর মৎস্যজীবী সমিতির সভাপতি জিন্নাহ মণ্ডল বলেন, শাকপালা জলমহাল থেকে তালুককানুপুর মৎস্যজীবী সমবায় সমিতির দূরত্ব ১০ কিলোমিটার। তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের সমিতিই এ জলমহাল ইজারা নিচ্ছি। এবারও ইজারা নিতে দরপত্র দাখিল করি। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা নীতিমালা লঙ্ঘন করে আমাদের ইজারা না দিয়ে দূরের সমিতিকে ইজারা দেন। এতে মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হন।’ তিনি নীতিমালা অনুযায়ী তাঁর সমিতিকে ইজারা দেওয়ার দাবি জানান।
ইজারা না পাওয়ায় রামনাথপুর গ্রামের মৎস্যজীবীরা ক্ষুব্ধ। ওই গ্রামের মৎস্যজীবী আনতাজ আলী (৪০) নিজের ভাষায় বললেন, ‘হামারগরে জমিজমা নাই। বাপ-দাদার আমল থাকি মাছ বেচি সংসার চলে। সোরকার হামারগরোক বিল (জলমহাল) দিল না। হামরা একন ক্যামন করি চলমো?’
একই গ্রামের মৎস্যজীবী মাজেদুল মিয়া (৩৫) বলেন, ‘হামার গায়োত বিল, সারা বচর বিলোত মাছ ধরি হাটবাজারোত বেচি। অন্য কাম করব্যার পাইনে। কিনতো হামরা ইজিরা পানো না।’
এসব বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান মুঠোফোনে বলেন, শাকপালা জলমহালের নিকটবর্তী রামনাথপুর মৎস্যজীবী সমিতি ঠিক। কিন্তু ওই সমিতির চেয়ে তালুককানুপুর মৎস্যজীবী সমবায় সমিতি উচ্চ দর দাখিল করে। তাই উচ্চ দরদাতাকে জলমহালটি ইজারা দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় মৎস্যজীবীদের চাপের মুখে গ্রহীতাকে শাকপালা জলমহাল বুঝিয়ে দেওয়া যাচ্ছে না। তাঁরা লাঠিসোঁটা নিয়ে জলমহাল পাহারা দিচ্ছেন। তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ইজারা পাওয়া তালুককানুপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শুকুর মাহমুদ বলেন, ‘নীতিমালায় কী আছে আমরা জানি না। তবে উচ্চ দরদাতা হওয়ায় আমরা ইজারা পেয়েছি।’