ফরিদপুরের সদর উপজেলায় কুমার নদ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। সরকারি আইন লঙ্ঘন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রমিক নিয়োগ করে সেখান থেকে বালু তুলছেন। এতে নদের পাড়ে ভাঙন দেখা দিয়েছে এবং উভয় পাড়ের লোকজন তাদের বসতঘর ভাঙনে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে।আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকে বালু তোলা যাবে না। নদীর তীর ভাঙনের শিকার হতে পারে, এরূপ ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এলাকাবাসী জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা গ্রামের বাখুন্ডা সেতুর আনুমানিক ৪০০ মিটার দূরে কুমার নদের পূর্ব পাড়ে দুটি শ্যালোইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে দুই মাস ধরে বালু তোলা হচ্ছে। এ যন্ত্রের সাহায্যে তোলা বালু একটি পাইপ দিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত গুচ্ছগ্রামসংলগ্ন এলাকায় নেওয়া হচ্ছে। ওই বালু দিয়ে আনুমানিক ৩০ শতাংশ জমির খাদ ভরাট করা হচ্ছে। সরকারি প্রয়োজনে বালু তোলা হলেও ইউএনও এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেননি কিংবা কোনো অধিদপ্তরে আবেদন করেননি।ইউএনও কে এম কামরুজ্জামান বলেন, ওই গুচ্ছগ্রাম এলাকায় ১০০টি ঘর রয়েছে। আশপাশে কিছু গর্ত ভরে নতুন করে আরও ৩০টি ঘর বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর জন্য সরকারি বরাদ্দ এত কম, যা দিয়ে এ কাজ করা সম্ভব নয়। তাই নদ থেকে বালু তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি বা কোথাও আবেদন করেননি বলে জানান।গুচ্ছগ্রামের বাসিন্দা রিকশাচালক আল-আমিন শেখ জানান, দুই মাস ধরে ইউএনওর নির্দেশে এ ভরাটের কাজ চলছে। এখানে আরেকটি গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে। বালু তোলার কারণে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে আছে। নদের পাড়ের বাসিন্দা মো. আলাউদ্দীনের স্ত্রী জোহরা বেগম বলেন, ‘সরকারি লোক বালু তুলছে বলে কিছু বলতে পারছি না। কখন বাড়িঘর ভাইঙা নদীতে পইড়া যায়, সব সময় সেই আতঙ্কে থাকি।’ফরিদপুর সদরের শোভারামপুরের মো. রুস্তম, ধুলদির মো. সুমন ও শেলাকুন্ডুর মো. সাঈদ খননযন্ত্র দিয়ে বালু তুলছেন। প্রতিদিন খরচ বাদে তাঁরা পান দেড় হাজার টাকা। মো. রুস্তম জানান, প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। তবে এলাকাবাসী অভিযোগ করেছে, কোনো কোনো দিন সারা রাত ধরে কাজ চলে।পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আ. মতিন সরকার বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের নামে নদ থেকে বালু তোলা হচ্ছে, এ খবর আমি জানি না। আমরা কাউকে বালু তোলার অনুমতি দিইনি। আমি সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে পদক্ষেপ নেব।’