আইন লঙ্ঘন করে মৌখিক পরীক্ষায় ডাকার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষায় আট আবেদনকারীকে আইন লঙ্ঘন করে আজ সোমবার মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ছাত্রলীগের এক নেতা ও একজন সমর্থক রয়েছেন। স্নাতকোত্তর পাস করার আগেই তাঁরা আবেদন করেছিলেন। আইন অনুযায়ী প্রভাষক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর পাস বাধ্যতামূলক।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফলিত গণিত বিভাগে প্রভাষকের দুটি পদের জন্য ২০১১ সালের ৯ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এতে আবেদনের শেষ তারিখ ছিল ওই বছরের ১ অক্টোবর। এতে ১০০টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্যে এমএসসি পাস ৯২ জন্য ও মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশিত হয়নি এমন ছিলেন আটজন। ওই বছর ১৩ ডিসেম্বর এগুলো বাছাই করা হয়।বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কমিটির সদস্য ও ফলিত গণিত বিভাগের শিক্ষক জিল্লুর রহমান বলেন, যেহেতু আবেদনের শেষ দিন পর্যন্ত আটজন আবেদনকারী স্নাতকোত্তর পাস করেননি, সে জন্য মৌখিক পরীক্ষায় তাঁদের না ডাকার জন্য তাঁরা সুপারিশ করেছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, পরিকল্পনা কমিটির সুপারিশের পরও আবেদনগুলো বাতিল করা হয়নি। আজ সোমবার তাঁদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।অভিযোগ রয়েছে, ছাত্রলীগের বর্তমান কমিটির সহসভাপতি মশিউর রহমান ও সমর্থক আবদুল আওয়াল এই আটজনের মধ্যে রয়েছেন। কথা বলার চেষ্টা করেও মশিউর রহমানকে পাওয়া যায়নি। বিভাগের চেয়ারম্যান হোসেন আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমার দেখার বিষয় নয়।’ নিয়োগ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।