পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এর সাংঘর্ষিক ধারা সংশোধন এবং বিরোধ নিষ্পত্তির সুনির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ ছাড়া ভূমিবিরোধ নিষ্পত্তি অসম্ভব।গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা এবং ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন।বক্তাদের কয়েকজন বলেন, পার্বত্য চুক্তির সঙ্গে ভূমি কমিশন আইনের সাংঘর্ষিক ধারা সংশোধন এবং কমিশনের পূর্ণাঙ্গ সভায় বিরোধ নিষ্পত্তির সুনির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ ছাড়া কোনো উদ্যোগ পার্বত্য জনগণ মানবে না। প্রয়োজনে ওই উদ্যোগ প্রতিহত করার জন্য আন্দোলন গড়ে তোলা হবে। তাঁরা ওই আন্দোলনে পার্বত্য জনগণের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। ‘আইন ও পদ্ধতি অনুসরণ না করার কারণে’ ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর অপসারণও দাবি করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, পার্বত্য চট্টগ্রামের বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন, খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে এই সভার আয়োজন করে। সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ভূমি কমিশনের চেয়ারম্যানের সমালোচনা করে বলেন, ‘প্রথমে তিনি ঘোষণা করলেন বিরোধ নিষ্পত্তির আগে ভূমি জরিপের। তারপর সরকার যখন সিদ্ধান্ত নিল আগে বিরোধ নিষ্পত্তি ও পরে জরিপ করার, তখন তিনি সভা না করেই কমিশনের কাছে উপস্থাপিত বিরোধ নিষ্পত্তির অভিযোগ শুনানির কার্যক্রম ঘোষণা করলেন। এভাবে বিরোধ নিষ্পত্তি হবে না। বরং তা আরও জটিল আকার ধারণ করবে।’পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরার স্বাগত বক্তব্যের পর প্রবন্ধ উপস্থাপন করেন জেএসএসের প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ রাজনীতিক পংকজ ভট্টাচার্য, এএলআরডির চেয়ারপারসন খুশী কবির, নির্বাহী পরিচালক শামসুল হুদা, গবেষক ও পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য স্বপন আদনান এবং বোমাং সার্কেলের যুবরাজ চলাপ্রু জিমি। অন্য বক্তারা বলেন, একটি মহল কখনোই পার্বত্য চুক্তির বাস্তবায়ন চায় না। এ জন্য আন্দোলন ছাড়া গত্যন্তর নেই।সভাপতির বক্তব্যে নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান ভূমি কমিশনের চেয়ারম্যানের উদ্দেশে বলেন, ‘যদি বিরোধ নিষ্পত্তির আগে ভূমি জরিপ করতে চান, তাহলে সেই উদ্যোগ নিয়ে দেখুন, আমরা প্রস্তুত আছি।