আইন সংশোধন করা হলে দুদকের ক্ষমতা আরও কমে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তারা বলেছে, প্রস্তাবিত ওই সংশোধনী পাস করা হলে সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীনদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত ও পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দুদকের ক্ষমতা কমে যাবে। ৩১ মার্চ নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এইচআরডব্লিউ এ কথা জানায়।দুদকের কার্যক্রম পর্যালোচনার জন্য ২০০৯ সালে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়। দুর্নীতির অভিযোগে সরকারি কর্মকর্তা ও সাংসদদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান অন্তর্ভুক্ত করে দুদক আইন সংশোধনের প্রস্তাব করেছে।এ বিষয়ে এইচআরডব্লিউয়ের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘জনপ্রশাসনে দুর্নীতি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা, যা সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট করছে এবং আইনের শাসন, পুলিশ, সেনাবাহিনীসহ নানা প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে নেওয়া নানা উদ্যোগকে ব্যাহত করছে। এ অবস্থায় দুদক আইনে উল্লিখিত সংশোধন আনা হলে জনগণ ভাববে, সরকার দুর্নীতি দমন করতে আন্তরিক নয়।’