গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪বি ধারায় সাজার মেয়াদ কমানোসংক্রান্ত ১৯৮৫ সালের সংশোধনী আইন কেন সংবিধানের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। তিন সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদের সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, আইনসচিব, সংসদ সচিবালয়ের সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। ১৯৮৫ সালের সংশোধনীর মাধ্যমে চালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় সাজার মেয়াদ কমিয়ে তিন বছর করা হয়েছিল। এই সংশোধনী বাতিল চেয়ে জনস্বার্থে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ১৯৮৫ সালের ১০ অক্টোবর অধ্যাদেশের মাধ্যমে দণ্ডবিধির ৩০৪বি ও ফৌজদারি কার্যবিধির তফসিলে পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনায় সাজার মেয়াদ কমিয়ে তিন বছর করা হয়। সাজার মেয়াদ কম হওয়ায় দিন দিন গাড়িচালকদের অসতর্কতায় মৃত্যুর ঘটনা বেড়ে চলছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুসারে বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। দুর্ঘটনায় মৃত্যুর কারণে সে অধিকার থেকে নাগরিকেরা বঞ্চিত হচ্ছে। তাই ওই সংশোধনী জনস্বার্থবিরোধী ও সংবিধানের পরিপন্থী।