আইন সংশোধন ছাড়া কার্যকর ভূমিকা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির বিষয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইন সংশোধন না করে ভূমি বিরোধ নিষ্পত্তিতে কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারবে কি না, সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন খোদ কমিশনের সদস্যরাই।পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চুক্তিতে একটি কমিশন গঠনের শর্ত রাখা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১ জাতীয় সংসদে পাস হয়। আইনে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে নয় সদস্যের কমিশন গঠনের বিধান রয়েছে।এদিকে পার্বত্য চুক্তির সঙ্গে জাতীয় সংসদে পাস করা আইনে ২২টি বিষয়ে অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অসংগতি দূর করতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু গত আট বছরেও তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। ১৪ মার্চ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. আবদুল হামিদের স্বাক্ষরে পার্বত্য তিন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে পাঠানো চিঠিতে বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে প্রচারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে অবগত করতে অনুরোধ জানানো হয়।এ ছাড়া ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আহ্বান’ শিরোনামে একটি প্রচারপত্রে বিলম্ব না করে কোনো সমাজবিরোধী, দুষ্কৃতকারী, চক্রান্তকারী ও উসকানিদাতার কথায় কান না দিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কমিশনের চেয়ারম্যান বরাবর দরখাস্ত করার আহ্বান জানানো হয়। রাঙামাটি ও বান্দরবানের বাসিন্দারা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নির্ধারিত স্থানে আবেদনপত্র জমা দিতে পারবেন বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়। কমিশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের ভারত প্রত্যাগত পুনর্বাসিত শরণার্থীদের জমিজমাবিষয়ক বিরোধ এবং জমি ও পাহাড় অবৈধভাবে বন্দোবস্ত দেওয়ার ফলে বেদখল হওয়া ও ক্ষতিগ্রস্ত মালিকদের ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে নিজের নাম স্বাক্ষর বা টিপসইযুক্ত সাদা কাগজে দরখাস্তের বিবরণ লিখে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান বরাবর পাঠাতে বলা হয়েছে।কমিশন সদস্যদের প্রতিক্রিয়া: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, ‘পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন জরুরিভাবে কার্যকর হওয়া প্রয়োজন। সেটা আমরা চাই। তাই বলে চেয়ারম্যানের এককভাবে গণবিজ্ঞপ্তি জারির কোনো বৈধতা নেই। এককভাবে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত।’ সন্তু লারমা বলেন, আগে আইন সংশোধন করতে হবে। সেই আলোকে বিজ্ঞপ্তি জারি করাই হবে বিধানসম্মত।গণবিজ্ঞপ্তিতে দেওয়া বেশ কিছু নির্দেশনায় অসংগতি রয়েছে উল্লেখ করে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, ৬০ দিনের মধ্যে দরখাস্ত দাখিলে ব্যর্থ হলে দরখাস্ত গ্রহণ না করার শর্তটি ঠিক নয়। কারণ নিরাপত্তা, ভৌগোলিক, আর্থিক অবস্থা ইত্যাদি কারণে দখলচ্যুত ব্যক্তি এত অল্প সময়ে এতগুলো তথ্য সংগ্রহ নাও করতে পারে। এ ছাড়া ভূমি কমিশন আইনে প্রচলিত আইন বা রীতিনীতির উল্লেখ থাকলেও গণবিজ্ঞপ্তিতে সে ব্যাপারে কিছু সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। মং রাজা সাচিং প্রু বলেন, কমিশনের সর্বশেষ সভায় গণবিজ্ঞপ্তি জারি বা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত ছিল না। সবার মতামত নিয়ে কাজ না করলে পরে কোনো সমস্যার জন্য এর দায়দায়িত্ব কে নেবেন বলেও তিনি প্রশ্ন করেন। সভাপতির বক্তব্য: পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, ‘গণবিজ্ঞপ্তি জারি একটি প্রশাসনিক পদক্ষেপ। আমি খুবই আত্মবিশ্বাস নিয়ে কাজ করছি। যখন বিচার প্রক্রিয়া শুরু হবে তখন সন্তু লারমা যেটি চাচ্ছেন, বাঙালিরা যা চাচ্ছে, কমিশন যেটি চাচ্ছে সেটিই হবে। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের এ পদক্ষেপ পাহাড়ের সমস্যা সমাধানে সহায়ক হবে এবং উন্নয়ন ত্বরান্বিত করবে বলেও চেয়ারম্যান মন্তব্য করেন।