আইন সংশোধন না হলে নভেম্বরে স্থানীয় নির্বাচন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চলতি অধিবেশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচনী আইন সংশোধন না হলে আগামী নভেম্বরের মধ্যে এসব স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত রোববার প্রশ্নোত্তর পর্বে সংসদকে জানান, নভেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব পৌরসভা এবং ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) বলা হয়েছে।এ প্রসঙ্গে সিইসি গতকাল বলেন, স্থানীয় সরকার বিভাগের একটি নোট ইসিতে এসেছে। স্থানীয় সরকারমন্ত্রীও রোববার বিবৃতি দিয়েছেন। কিন্তু আইন সংশোধন না হলে ওই সময়ের মধ্যে এসব নির্বাচন করা সম্ভব হবে না। তবে এ সপ্তাহেই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ বিষয়ে তাগিদ দেওয়া হবে। তিনি জানান, আগামী ১৫-২০ দিনের মধ্যে আইন সংশোধন করা সম্ভব না হলে এ বছর স্থানীয় সরকারের নির্বাচন করা অসম্ভব হয়ে যাবে।বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এবং দেশের ২৫০টির বেশি পৌরসভা ও চার হাজারেরও বেশি ইউপির নির্বাচন মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে।বিদ্যমান ইউপি, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনী আইনের বিধানমতে, প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যার ব্যবধান ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে ওয়ার্ডের সীমানা বিন্যাস করতে হবে। সিইসি জানান, এ আইন সিটি করপোরেশনের জন্য প্রযোজ্য হলেও ইউপি এবং পৌরসভার জন্য প্রযোজ্য নয়।ঢাকা সিটি করপোরেশন সম্পর্কে শামসুল হুদা বলেন, পুরান ও নতুন ঢাকার একটি ওয়ার্ডে ১০ হাজার, আবার অন্য ওয়ার্ডের জনসংখ্যা ৮০ হাজার পর্যন্ত রয়েছে। এ অবস্থায় ওয়ার্ডের সীমানা বিন্যাস করা না হলে যে কেউ আদালতে রিট আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে সরকার যদি আইন সংশোধন করে দেয়, তবেই বিদ্যমান সীমানাতে নির্বাচন করা সম্ভব হবে।