আইন সংশোধন বিচার প্রক্রিয়াকে কলঙ্কিত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে রায় ঘোষণার পর আইন সংশোধনের উদ্যোগ এই বিচার-প্রক্রিয়াকে কলঙ্কিত করবে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। পাশাপাশি একেবারে বাধ্য না হলে জামায়াত-শিবিরের পক্ষে বিক্ষোভকারীদের দমনে শক্তি প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই অবস্থানের কথা জানায়। সংস্থাটির এশিয়ার পরিচালক ব্রাড অ্যাডাম বলেন, যুদ্ধাপরাধ এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত অন্য সব অপরাধের বিচার হওয়া প্রয়োজন। কিন্তু আইনের শাসন অনুযায়ী চলা একটি সরকার আদালতের সিদ্ধান্ত খারিজ করতে নতুন আইন প্রণয়ন করতে পারে না। এটা চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়াকে হাস্যকর করে তুলবে।৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে ক্ষুব্ধ হয়ে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হয়। এরই মধ্যে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেয়।এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, আইন সংশোধনের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) লঙ্ঘিত হয়েছে। আইসিসিপিআরের ১৪ নম্বর অনুচ্ছেদে বলা আছে, কোনো অভিযোগের জন্য কাউকে দোষী সাব্যস্ত করে বা নির্দোষ বলে চূড়ান্তভাবে রায় দেওয়ার পর একই অভিযোগে তাকে আর শাস্তি দেওয়া যায় না। বাংলাদেশ আইসিসিপিআরের সদস্য হয়ে তা লঙ্ঘন করছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা অন্য আসামিদের মৃত্যুদণ্ডাদেশ ছাড়া অন্য কোনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে ভীত হয়ে থাকতে পারেন বলেও উদ্বেগ প্রকাশ করে এইচআরডব্লিউ।ব্রাড অ্যাডাম বলেন, আইনের শাসনের মানে হলো আদালতের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া। কিন্তু বাংলাদেশ সরকার এখন এই বিচার-প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করছে।