আইন সুপ্রতিষ্ঠিত করা বিচারকদের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, আইনকে সুপ্রতিষ্ঠিত করা বিচারক ও আইনজীবীদের কাজ। বিচারপ্রার্থী মানুষেরা যেন ন্যায়বিচার পান, সে জন্য বিচারক ও আইনজীবীদের একাত্ম হয়ে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ও সন্ধ্যায় বগুড়া জেলা আইনজীবী সমিতির আয়োজনে তাঁকে দেওয়া সংবর্ধনা অনষ্ঠানে তিনি এ কথা বলেন। জয়পুরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিচারক ও আইনজীবীদের নিষ্ঠা, সততা এবং আন্তরিকতার সঙ্গে বিচারকাজ এগিয়ে নিতে হবে। জয়পুরহাটে শূন্য পদে বিচারক নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি। জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি মতিয়োর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সৈয়দ মুহাম্মদ হাশিম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এম শওকত হোসেন, জেলা ও দায়রা জজ সফিউর রহমান, খাজা জহুরুল হক প্রমুখ । বগুড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও ঢেলে সাজানোর জন্য আইনজীবীদের সহযোগিতা কামনা করে প্রধান বিচারপতি বলেন, সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি বিচারকদের উদ্দেশে বলেন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে সতর্কতার সঙ্গে মামলা পরিচালনা করতে হবে। মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে হবে। বগুড়া জেলা আইনজীবী সমিতির মতিয়র রহমান ভবনে সমিতির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ তারিক হায়দার, জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।