ভিন্ন ভিন্ন আইন প্রয়োগের কারণে পার্বত্য এলাকার মানুষ আর্থিক ক্ষতিসহ নানা হয়রানির শিকার হচ্ছে। পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন সরকারি ও জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের সমন্বয়ের কেন্দ্রবিন্দু হওয়ার কথা থাকলেও সেটি কার্যকর করা যায়নি। পার্বত্য চট্টগ্রামের আইন সুষম করার জন্য সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আইনসমূহ সুষমকরণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলগুলোর আইনগুলোকে সুষম করার উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন আইন প্রচলিত থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। উৎপাদিত পণ্য বাজারে আনতে পথে পথে দিতে হয় কর। এতে চাষিরা আর্থিক ক্ষতির শিকার হন।
কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন গৌতম কুমার চাকমা ও অশোক কুমার চাকমা। ধারণাপত্রে বিভিন্ন জাতীয় আইনের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের জন্য প্রণীত আইনের সাংঘর্ষিক বিষয়গুলো তুলে ধরা হয়। পরে চারজন প্যানেল আলোচক পার্বত্য চট্টগ্রামের সুশাসন ও শান্তি স্থাপনে পার্বত্য চট্টগ্রামের জন্য প্রণীত আইনের সঙ্গে জাতীয় আইনগুলো সুষম করতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নেতৃত্বে একটি কারিগরি কমিটি গঠন করে সরকারের কাছে সুপারিশ পাঠানোর কথা বলেন। পার্বত্য এলাকার আইন সম্পর্কে বিচার ও সাধারণ প্রশাসনের কর্মকর্তারা অবহিত না থাকায় প্রশাসনে নানা জটিলতা সৃষ্টি হয় বলেও মন্তব্য করে প্যানেল আলোচকেরা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য জেলা পরিষদ গঠিত হলেও নানা কারণে কাজে বাধা আসে। সরকারের বিভিন্ন বিভাগ হস্তান্তরেও বিভিন্ন আইন জুড়ে দেওয়া হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। পার্বত্য এলাকায় সুশাসন প্রতিষ্ঠায় পরিষদগুলোতে নির্বাচন জরুরি।
রাঙামাটি পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘পৌরসভা এলাকার বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজগুলো করি আমরা আর বাজার ইজারা দেয় পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পৌরসভা এলাকায় মার্কেট, বাস ও ট্রাক টার্মিনাল তৈরি করে নিজেরাই ইজারা দেয়। আর জলমহাল ইজারা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। অথচ অন্য শহরগুলোতে পৌরসভা এসব কাজ করে।’
জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস বলেন, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের আইনের ব্যতিক্রম আছে। তাই কোনো কর্মকর্তাকে পার্বত্য অঞ্চলে পদায়নের আগে সরকারের পক্ষ থেকে এ সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন।
কর্মশালায় প্যানেল আলোচক ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ হ্লা থোয়াই প্রু মারমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা।