আইন হতে হবে চিকিৎসক ও রোগীর স্বার্থ সুরক্ষায়
হাসপাতাল বা স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং রোগী উভয়ের স্বার্থ রক্ষা করে এবং রোগীর সুচিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করে, এমন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বেসরকারি সংগঠন স্বাস্থ্য আন্দোলন ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘রোগী এবং স্বাস্থ্য সেবা দানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সুরক্ষা আইন, ২০১৬’ খসড়া আইন নিয়ে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
স্বাস্থ্য আন্দোলন ও স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) এ আলোচনা সভার আয়োজন করে। সভায় স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে লিখিত আকারে সূচনা বক্তব্য তুলে ধরা হয়। সেখানে খসড়া আইনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধান হিসেবে বিভিন্ন মতামত বা প্রস্তাব তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালে একই আইন নিয়ে একটি খসড়া করা হয়েছিল। ওই সময় স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে কিছু মতামত তুলে ধরা হয়। ওই মতামতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তির অবহেলার কারণে কারও মৃত্যু হলে যেন বেশি শাস্তি হয়। আবার কোনো ব্যক্তি স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তিকে আঘাত করলে তাকেও সাজা দিতে হবে। তবে তা করতে হবে সেবাদানকারীর অবহেলাকে অপরাধ হিসেবে বেশি গণ্য করে। অন্যদিকে যেহেতু রোগী ও সেবাদানকারী প্রতিষ্ঠান উভয়ই একই আইন দ্বারা পরিচালিত হবে, তাই সেখানে কার স্বার্থ বেশি রক্ষা হচ্ছে, তা-ও দেখতে হবে।
লিখিত বক্তব্যে, অবহেলা হলে স্বাস্থ্য সেবাদানকারীর শাস্তি নির্ধারণে ত্রুটি, রোগীর স্বজনদের সহিংস কার্যকলাপ প্রমাণে অস্পষ্ট তথ্য, আইনে চিকিৎসক, নার্স বা অন্যান্য কর্মচারীর ওপর হামলার বিষয় অন্তর্ভুক্ত না করাসহ আইনের বিভিন্ন ঘাটতিও তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, স্বাস্থ্য আন্দোলন মনে করে দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যবস্থা ভালো থাকুক। একই সঙ্গে যাঁরা সেবা দিচ্ছেন, তাঁদের যেন অহেতুক কোনো হয়রানির শিকার হতে না হয়, তার সুরক্ষাও থাকতে হবে।
সভায় স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি ডা. রশিদ-ই মাহবুব বলেন, বেসরকারি যে সব চিকিৎসাকেন্দ্র রয়েছে সেগুলোর গুণগত মান যাচাই করা দরকার। কারণ, তাঁরা অধিকাংশ সময়ই ভুল করে আর রোগীর অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করে। আর রোগীরা চিকিৎসকের বিরুদ্ধে যে ফৌজদারি মামলা করেন তা করা হয় মূলত রোগীর অভিভাবকদের দাম্ভিকতার কারণে এবং আর্থিক বিষয়ে। তিনি বলেন, চিকিৎসা সর্বজনীন কিন্তু চিকিৎসা জ্ঞান সর্বজনীন নয়।
ডা. ফযলুল হাকীম বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জন চাকরি হারাতে যাচ্ছেন। কেননা ওনারা অন্য সরকারের আমলে চাকরি পেয়েছিলেন। বোধগম্য হয় না, এখন যাঁরা চাকরি পেয়েছেন তাঁরা কী করে চাকরি পেলেন। সবকিছুর সঙ্গে চিকিৎসা খাতকেও ব্যবসা ক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই।
সভায় আইনজীবী মাহবুবুল আলম জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ঘটনার কথা উল্লেখ করে বলেন, এখন হাসপাতাল যাঁরা পরিচালনা করেন তাঁরা অধিকাংশই হচ্ছেন ব্যবসায়ী শ্রেণির। তাঁরা চিকিৎসকদের অন্যায় করতে বাধ্য করেন। আর চিকিৎসকেরা তাঁদের চাকরির ভয়ে অন্যায় করেন।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইবনুল সাইদ রানা। এতে সভাপতিত্ব করেন ফরিদা আক্তার