আইন হতে হবে রোগী ও চিকিৎসকের স্বার্থে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল কিংবা স্বাস্থ্যসেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং রোগী উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে আইন প্রণয়নের দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন স্বাস্থ্য আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন। এ ক্ষেত্রে রোগীর সুচিকিৎসা পাওয়ার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছে তারা। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘রোগী এবং স্বাস্থ্যসেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সুরক্ষা আইন, ২০১৬’ নিয়ে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। স্বাস্থ্য আন্দোলন ও উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) এ সভার আয়োজন করে।
মূল উপস্থাপনায় বলা হয়, ২০১৪ সালে একই আইন নিয়ে একটি খসড়া করা হয়েছিল। তখন স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে কিছু মতামত তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, সেবাদানকারী ব্যক্তির অবহেলার কারণে কারও মৃত্যু হলে যেন সেবাদানকারীর শাস্তি হয়। আবার কোনো ব্যক্তি সেবাদানকারীকে আঘাত করলে ওই ব্যক্তিকেও সাজা দিতে হবে। তবে তা করতে হবে সেবাদানকারীর অবহেলাকে অপরাধ হিসেবে গণ্য করে।
সভায় স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি রশীদ-ই মাহবুব বলেন, বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোর মান যাচাই দরকার। এরা অধিকাংশ সময়ই ভুল করে আর রোগীর অভিভাবকেরা ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানে ভাঙচুর করে। তিনি বলেন, রোগীরা চিকিৎসকের বিরুদ্ধে যে ফৌজদারি মামলা করেন, তা করা হয় রোগীর অভিভাবকদের কারণে।
সভায় আইনজীবী মাহবুবুল আলম জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ঘটনা উল্লেখ করে বলেন, এখন হাসপাতাল যাঁরা পরিচালনা করেন, তাঁরা অধিকাংশই হচ্ছেন ব্যবসায়ী শ্রেণির। তাঁরা চিকিৎসকদের অন্যায় করতে বাধ্য করেন। আর চিকিৎসকেরা চাকরির ভয়ে অন্যায় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার।