আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান। ফাইল ছবি
মিজানুর রহমান। ফাইল ছবি

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর স্পষ্ট হয়েছে, আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এখানে কোনো ধরনের অবৈধ বা অন্যায় প্রভাব খাটিয়ে আইনকে পাশ কাটিয়ে চলতে দেওয়া যাবে না। সেই যুগের শেষ হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান আজ বৃহস্পতিবার যশোরের একটি আবাসিক হোটেলে ‘উদ্ধার, প্রত্যাবাসন, একত্রীকরণ এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
কর্মশালায় জেলার পুলিশ সুপার আনিসুর রহমানের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘পুলিশের আটক বাণিজ্যের সঙ্গে জড়িত অন্তত ১২৮ জনের বিরুদ্ধে তদন্তের জন্যে সরকার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে। আপনাকে অনুরোধ করব, আপনার অধীনে যাঁরা আছেন তাঁরা যেন কোনোভাবে আটক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত না থাকেন। আপনি সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখবেন। কেননা, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। এর কারণেই দরিদ্র মানুষ আইনের অধিকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হলে তাঁকে জানানোর কথাও বলেন মিজানুর রহমান।

বিচারকদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘বিচার বিভাগকেও তাদের বিবেককে জাগ্রত করে বিচারকাজ পরিচালনা করতে হবে। আমাদের বিচারকেরা যদি দরিদ্রবান্ধব না হন, দরিদ্র মানুষের কান্না যদি আপনাদের হূদয়কে স্পর্শ না করে, তাদের কান্না-দুঃখ-কষ্ট যদি আপনার দুয়ার পর্যন্ত পৌঁছাতে না পারে; তাহলে সেই আদালত, সেই বিচারক ও সেই বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা কিন্তু আমাদের এখান থেকে ফুরিয়ে যাবে। এখন আপনাদের ওপর যতটুকু আস্থা রয়েছে, ধীরে ধীরে তা বৃদ্ধি করা সম্ভব।’ তিনি বলেন, ‘এ দেশকে আমরা নষ্ট হতে দিতে পারি না। সবাই নতুন যাত্রা শুরু করেছে। সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না।’

যশোরের মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার। উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।