আইনগত বিষয় নিয়ে সমঝোতা হয় কি না আমার জানা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জানি না আইনগত বিষয় নিয়ে কোনো সমঝোতা (কম্প্রোমাইজ) হয় কি না। তবে বিষয়টি (ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা না থাকা) আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করা আমার জন্য সমীচীন হবে না।’ নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা না থাকার বিষয়টি সুরাহার জন্য মার্কিন কংগ্রেসের ২৬ সদস্যের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে দীপু মনি গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন। ১১ মার্চ মার্কিন কংগ্রেসের ২৬ জন সদস্য ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে তাঁরা গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি সম্মানজনক সমাধানে পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘ওই চিঠি আমি দেখিনি। ’তিনি বলেন, আইনগত কোনো সিদ্ধান্তের কারণে কেউ খুশি হতে পারে, আবার অখুশিও হতে পারে। কিন্তু একটি স্বাধীন ও সার্বভৌম দেশের আইন তার নিজের গতিতেই চলবে।