আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আদিবাসী বিচারপ্রার্থীদের আর্থিক ও আইনগত সহযোগিতার জন্য ‘পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীকে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ’ শীর্ষক একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পরীক্ষামূলক কাজে সফলতা পাওয়া গেলে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলাকেও এ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে বলে গতকাল শনিবার এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জাস্টিস সেক্টর ফ্যাসিলিটিসের (জেএসএফ) সহযোগিতায় দরিদ্র আদিবাসীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে ইউএনডিপির কর্মকর্তারা জানিয়েছেন।
বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে সকাল ১০টায় প্রকল্পটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। জেলা ও দায়রা জজ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম।
এতে আরও বক্তব্য দেন মুখ্য নির্বাহী হাকিম ফারুক আহমেদ, ইউএনডিপির জাস্টিস সেক্টর ফ্যাসিলিটিসের প্রধান ক্রিশ্চিয়ান এলডন, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, আইনজীবী সমিতির সভাপতি ইলিয়াছুর রহমান, বান্দরবান সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ওয়াসিংপ্রু মার্মা প্রমুখ।