আইনগত সহায়তা সেবার মান বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আইনগত সহায়তা সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা। গতকাল সোমবার বিকেলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সমন্বয় সভায় এই তাগিদ দেন তিনি। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চট্টগ্রামের চেয়ারম্যান।
সিনিয়র সহকারী জজ মুজাহিদুর রহমানের সঞ্চালনায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম, মুখ্য বিচারিক হাকিম মুন্সি মো. মশিয়ার রহমান, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নুরুল আলম মো. নিপু, চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবদুল আওয়াল, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবির, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক, সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, মো. নজমুল আহসান খান প্রমুখ।
সভায় জেলা ও দায়রা জজ বলেন, সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়নের মাধ্যমে সরকার আইনগত সহায়তা কার্যালয়কে বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্নার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এর ফলে আদালতে মামলাজট কমে এসেছে।