আইনজীবী অনুপস্থিত, কার্যক্রম মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম ১১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় এই মুলতবি করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল আসামিপক্ষের যুক্তি উপস্থাপন দুই দিন মুলতবির জন্য লিখিত আবেদন জানান আসামিপক্ষের সহযোগী আইনজীবী রায়হান উদ্দিন। তবে শুনানিতে আইনজীবী রায়হান তিন দিন মুলতবির আরজি জানিয়ে বলেন, ‘ব্যক্তিগত সমস্যার’ জন্য আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে আসতে পারেননি। ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার হরতাল ডেকেছে। তাই আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করা হোক।ট্রাইব্যুনাল বৃহস্পতিবার পর্যন্ত যুক্তি উপস্থাপন মুলতবি করে বলেন, শিবির হরতাল ডেকেছে, ওই দিন আবদুর রাজ্জাক আসতে পারবেন।এই মামলায় আবদুর রাজ্জাকের আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন বাকি আছে। এরপর এসব যুক্তির বিষয়ে রাষ্ট্রপক্ষের জবাব শেষে রায়ের দিন ধার্য করা হবে।সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় দুই সাক্ষীকে জেরা শেষ: একই ট্রাইব্যুনালে গতকাল বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষী আবু তাহের চৌধুরী ও ২৬তম সাক্ষী মো. সোলায়মানকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক।এই মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহউদ্দিন জবানবন্দিতে বলেছিলেন, একাত্তরে তাঁকে সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি গুডস হিলে নিয়ে নির্যাতন করা হয়েছিল। নির্যাতনকারীদের মধ্যে সাকা চৌধুরী ছিলেন। গত সোমবার রাষ্ট্রপক্ষের ২৫ ও ২৬তম সাক্ষীও ওই ঘটনাকে সমর্থন করে জবানবন্দি দেন। তাঁদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা গ্রামের রাজাখান চৌধুরীবাড়ি। একাত্তরে সালেহউদ্দিন ওই বাড়িতে লজিং থাকতেন।এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।