আইনজীবী এম জহির আর নেই

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ এম জহির আর নেই। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন) করেছেন।
এম জহিরের চেম্বারের আইনজীবী শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ব্যাংককের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সী এই আইনজীবী আজ সকাল সাড়ে ১০টার দিকে মারা যান।
এম জহিরের জন্ম কলকাতার ভাবানিপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ, এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৬ সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে কোম্পানি আইনের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। কোম্পানি আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন অধ্যাপনা করেছেন এম জহির।