সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্ধিত ভবনের পেছন দিকে ক্যানটিনের বর্ধিতাংশ নির্মাণকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে আইনজীবী ও কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সংলগ্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্ধিত ভবন। বর্ধিত ভবনের পশ্চিম পাশে আইনজীবীদের ক্যানটিনের রান্নাঘর। টিনশেড রান্নাঘর থেকে পাকা স্থাপনা নির্মাণ করছে সমিতি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত বিভাগ থেকে ওই নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সমিতিকে চিঠি দেওয়া হয়। তবে নির্মাণকাজ চলছিল। আইনজীবী সমিতির নেতারা বলছেন, সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের মৌখিক আশ্বাসের ভিত্তিতে ওই নির্মাণকাজ করা হচ্ছে।
সমিতির তত্ত্বাবধায়ক নিমেষ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, ক্যানটিন ব্লক নির্মাণের জন্য অনুমতি চেয়ে গতকাল প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করা হয়েছে। গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর অনুলিপি পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটার দিকে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেন। তখন শ্রমিকেরা কাজ করছিলেন। খবর পেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনসহ কয়েকজন আইনজীবী সেখানে যান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আইনজীবী শরিফ ইউ আহমেদকে কিল-ঘুষি মারা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সমিতি ভবন থেকে বেশ কিছু আইনজীবী সেখানে উপস্থিত হয়ে ধাওয়া দেন এবং কয়েকজন কর্মচারীকে মারধর করেন। আইনজীবীদের উপস্থিতি বেশি হওয়ায় কর্মচারীরা দ্রুত আদালত ভবনের ভেতরে চলে যান।
পৌনে চারটার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ খবর পেয়ে আইনজীবীরাও সেখানে উপস্থিত হন। সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন পুলিশ আসার কারণ জানতে চান। সিরাজুল ইসলাম বলেন, রেজিস্ট্রারের নির্দেশে এসেছেন। উভয় পক্ষের আলোচনার পর পুলিশ ও আইনজীবীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে সমিতি ভবন প্রাঙ্গণে মিছিল করেন আইনজীবীরা।
এ বিষয়ে জানতে মুঠোফোনে রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।