আইনজীবী গ্রেপ্তার সহকর্মীদের মিছিল এজলাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর বারের এক আইনজীবীকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বর ও জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর জেলা বারের আইনজীবীরা।
এ সময় উত্তেজিত আইনজীবীদের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এর এজলাসে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও নথিপত্র তছনছ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর আদালতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারের প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে ফের আদালত প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি আবদুস সোবাহান প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আবু বকর সিদ্দিক জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে বারের আইনজীবী ইব্রাহিম খলিলসহ তিন আইনজীবীর নামে জয়দেবপুর থানায় চাঁদাবাজি মামলা করে প্রতিপক্ষরা। ওই মামলায় মঙ্গলবার রাতে গাজীপুরের ডেগেরচালা এলাকার বাড়ি থেকে পুলিশ ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করে।
গতকাল বেলা চারটার দিকে আদালত ইব্রাহিম খলিলকে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেন।