মুক্তিযদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আইনজীবী প্যানেলের (প্রসিকিউশন) প্রত্যেক সদস্যের নিরাপত্তায় একজন করে গানম্যান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ এতে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইনসচিব আনোয়ারুল হক, আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু, সদস্য আবদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্যদের নিরাপত্তায় গানম্যান দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাঁরা নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে সক্ষম। তাই তাঁদের গানম্যানের দরকার নেই।’আইনমন্ত্রী আরও জানান, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার বর্তমান সরকারের আমলে শুরু হয়েছে এবং এ সরকারের মেয়াদেই তা শেষ হবে। তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা, মানবতাবিরোধী কর্মকাণ্ড ও অন্যান্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার যেন সুষ্ঠুভাবে হয়, সে চেষ্টাই আমরা করছি। দেশের মানুষের দাবি অনুযায়ী সরকার মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের কাজ শুরু করেছে।’বৈঠক সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার মধ্যে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রতি মাসে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই তিনটি পক্ষের সঙ্গে একবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া তদন্ত সংস্থা ও ট্রাইব্যুনালের জন্য জনবল বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। সূত্র মতে, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্যদের বাসভবনের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত সংস্থার কর্মকর্তাদের বাসভবনের ঠিকানা সংগ্রহ করে তাঁদের বাসভবনের নিরাপত্তা জোরদার করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবকে (রাজনৈতিক) দায়িত্ব দেওয়া হয়েছে।