আইনজীবী প্রার্থীর হলফনামাই বাতিল
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী শরিফুল হক পেশায় আইনজীবী। মনোনয়নপত্রে নিজের হলফনামা তৈরির পাশাপাশি অন্য প্রার্থীদের হলফনামাও তিনি তৈরি করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে অন্যদের হলফনামা সঠিক পাওয়া গেলেও তাঁর নিজের হলফনামা সঠিক না থাকায় রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছেন। তাঁর মতো জেলার অন্য তিন মেয়র প্রার্থী ও ২১ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নানা ত্রুটির কারণে।
জেলার ছয় পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় তাঁর স্বাক্ষর না থাকাই বাতিল করার একমাত্র কারণ। রোববার দুপুরে যাচাই-বাছাই করার সময় এই ত্রুটির কথা জেনে কয়েকজন কাউন্সিলর প্রার্থী আঁতকে ওঠেন। কারণ, ওই প্রার্থী আইনজীবী হওয়ায় কয়েকজন কাউন্সিলর প্রার্থী তাঁদের হলফনামা ওই আইনজীবীর মাধ্যমে তৈরি করেছিলেন। তবে বাছাইয়ের পর তাঁদের হলফনামা সঠিক পাওয়া গেছে। শরিফুল হক জানান, এটা ত্রুটি হিসেব বিবেচনা করা উচিত হয়নি। কারণ, এটা নিছক অসাবধানতা। তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
এদিকে ওয়ার্কার্স পার্টির নাটোরের প্রার্থী মাহবুবুল আলম ও গুরুদাসপুর পৌরসভার সুলতান আহম্মেদের দলীয় সম্মতিপত্র না থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।