আইনজীবী ফখরুলের জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে চেম্বার আদালতে। ফলে তাঁর কারামুক্তিতে কোনো বাধা নেই।
সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের খসড়া ফাঁসের মামলায় ৭ ডিসেম্বর আইনজীবী ফখরুলকে এক বছরের জামিন দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গতকাল বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন। ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকল।
চেম্বার আদালতে ফখরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান।