আইনজীবী ফখরুলের বিরুদ্ধে টাঙ্গাইলের আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধকে পাকিস্তান-ভারতের যুদ্ধ বলা ও মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে টাঙ্গাইলে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ফখরুল মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় চার নেতার আইনজীবী। গতকাল সোমবার সকালে টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম ‘ক’ অঞ্চল আদালতে ফখরুলের বিরুদ্ধে মামলাটি করেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ফজলুল হক। শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।মামলার আরজিতে বাদী ফজলুল হক উল্লেখ করেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করেন। এই বিষয়টি জেনেও ফখরুল ইসলাম মুক্তিযুদ্ধকে অস্বীকার করার উদ্দেশ্যে চিহ্নিত স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী গংদের পক্ষে মামলা পরিচালনা করছেন। তিনি মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সরকারকে অস্বীকার করে গত ২২ সেপ্টেম্বর ঢাকায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির একপর্যায়ে বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের। মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয় নাই।’ আরজিতে আরও বলা হয়, বিবাদীর এ বক্তব্য গত ২৩ সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। বিবাদীর এ বক্তব্যে প্রমাণিত হয়, বিবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, সরকার ও প্রচলিত আইনকে অস্বীকার করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করে বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন। তাঁর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়েছে।