
২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক শুরু হয়েছে। আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম আজ সোমবার বাবরকে নিরপরাধ দাবি করে যুক্তি উপস্থাপন করেন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে দুপুর ১২টার দিকে আসামিপক্ষের যুক্তি গ্রহণ করেন ঢাকা দ্রুত বিচার আদালত-১–এর বিচারক শাহেদ নুর উদ্দীন।
আজ আসামি বাবরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘একমাত্র মুফতি হান্নানের জবানবন্দিকে বিবেচনায় নিয়ে বাবর সাহেবকে আসামি করা হয়েছে। মুফতি হান্নানকে কারা-পুলিশের মাধ্যমে নিয়ে গিয়ে জবানবন্দি আদায় করা হয়েছে। বিচারক তাঁর কাছে জানতে চেয়েছেন বক্তব্য দিতে কত ঘণ্টা সময় লাগবে। সেখানে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। কিন্তু কোনো আসামিকে আদালতে নিয়ে যেতে পারে একমাত্র থানা-পুলিশ, কারা-পুলিশ নয়।’
এ সময় সরকার পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, এসব কথা ধৈর্য ধরে শোনার মতো ধৈর্য নেই। তখন বিচারক আসামিপক্ষের আইনজীবীকে প্রসঙ্গের মধ্যে থেকে যুক্তি তুলে ধরার অনুরোধ করেন।
এরপর নজরুল ইসলাম বলেন, মুফতি হান্নান আদালতকে মিসগাইড করার জন্য মনগড়া জবানবন্দি দিয়ে গেছেন। বাবর সাহেব হাওয়া ভবনে গিয়েছিলেন কি না, তার সাক্ষী যারা হাওয়া ভবনে গিয়েছেন তারা হতে পারেন না, আশপাশের লোকজন হতে পারে। কিন্তু মুফতি হান্নান ছাড়া আর কেউ বাবরের হাওয়া ভবনে যাওয়ার বিষয়টি বলেননি।
আসামি পক্ষের আইনজীবী আরও বলেন, আবদুস সালাম পিন্টু তাবলিগ জামাতে যোগ দিয়ে মে মাসে পাকিস্তান চলে যান। ফিরে আসেন আগস্টের শেষে। সুতরাং তিনি হাওয়া ভবনের বৈঠকে যোগ দিলেন কীভাবে? পিন্টু ও বাবর সাহেবকে মুফতি হান্নান ফাঁসিয়েছেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নির্দোষ দাবি করে নজরুল ইসলাম বলেন, মুফতি হান্নান জীবদ্দশায় আদালতে আবেদন করে তাঁর স্বীকারোক্তি প্রত্যাহার করে নিয়েছিলেন। সুতরাং এখন অস্তিত্বহীন একটি লোকের জবানবন্দি জীবিত লোকের বিরুদ্ধে ব্যবহার হতে পারে না।
বেলা আড়াইটার দিকে বিচারক আগামীকাল মঙ্গলবার পর্যন্ত আদালত মুলতবি করেন। এ সময় তিনি আসামি বাবরের পক্ষের আইনজীবীকে মঙ্গল ও বুধবারের মধ্যে যুক্তি উপস্থাপনের কাজ শেষ করার অনুরোধ করেন।
এরপর মামলার আরেক আসামি আবদুস সালাম পিন্টু উঠে দাঁড়িয়ে তাঁর কোমর ও মেরুদণ্ডের ব্যথার কথা জানিয়ে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতির আবেদন করেন। জবাবে বিচারক শাহেদ নুর উদ্দিন বলেন, আইন থাকলে সুযোগ দেওয়া যেত। সুতরাং একটু কষ্ট করে আসেন। শুনানিতে লুৎফুজ্জামান বাবরও উপস্থিত ছিলেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির সমাবেশ চলাকালে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। এ হামলায় আওয়ামী লীগের দলীয় সভাপতি ও সেই সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা-কর্মী গুরুতর আহত হন। এই মামলার আসামিদের মধ্যে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ আরও অনেকে।