আইনজীবী মনজিল মোরসেদকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনজিল মোরসেদ
মনজিল মোরসেদ

প্রাণনাশের হুমকি পেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ বুধবার শাহবাগ থানায় তিনি ওই সাধারণ ডায়েরি করেন।

এরপর দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা তুলে ধরে মনজিল মোরসেদ বলেন, টেকনো ড্রাগস লিমিটেডসহ ২৮ কোম্পানির ওষুধ প্রস্তুতে ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করি। গত ৩ এপ্রিল হাইকোর্ট টেকনো ড্রাগসের জিএমপি সক্ষমতা নির্ধারণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিসহ পাঁচ সদস্যের কমিটি করে দেন। পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ছাড়া চার সদস্যের কমিটি গঠন করে টেকনো ড্রাগসের পক্ষে রিপোর্ট প্রদান করলে তা চ্যালেঞ্জ করি।
মনজিল মোরসেদ আরও বলেন, এ বিষয়ে আজ সকালে শুনানি শেষে আদালত কক্ষের দরজার সামনে আসার সঙ্গে সঙ্গে টেকনো ড্রাগসের দু-তিনজন লোক হত্যার হুমকি দিয়ে বলেন, “তোরে আজকে মজা দেখাব” এবং গালিগালাজ করেন। এ ঘটনায় আমি ভীষণভাবে নিরাপত্তাহীনতা অনুভব করছি। ওই কোম্পানির লোকজন যেকোনো সময় আমার এবং আমার পরিবারের লোকজনের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে জানমালের ক্ষতি করতে পারে।’
হুমকি পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট আদালতের নজরের আনেন মনজিল মোরসেদ। হাইকোর্ট জড়িত ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে হাজির করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে সন্ধ্যায় প্রথম আলোকে জানান আইনজীবী মনজিল মোরসেদ।