আইনজীবী মোজাম্মেল হককে তলবের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে আইনজীবী মো. মোজাম্মেল হককে হাজির হতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়েছে। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। একই সঙ্গে ১৯ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। গত ১২ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। ওই দিন স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি হাইকোর্ট ভূমিকা ব্যাখ্যা করতে এই আইনজীবীকে ১৫ জুলাই সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে আইনজীবী মোজাম্মেল হক আপিল বিভাগে আবেদন করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। সূত্র জানায়, আদালতে তাঁর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার, আইনজীবী এস এম মুনীর ও সুুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীসহ প্রমুখ উপস্থিত ছিলেন। গত ৫ জুন আইনজীবী মোজাম্মেল হক রাষ্ট্রপতির কাছে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য আবেদন করেন বলে খবর প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয়, ৩১ মে সংশ্লিষ্ট বিচারপতি তাঁর প্রতি বিরূপ মন্তব্য করেছেন।