আইনজীবী শাকিলা ফারজানার জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদেশের পর শাকিলা ফারজানার আইনজীবী সগীর হোসেন প্রথম আলোকে বলেন, চেম্বার আদালত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত শাকিলা ফারজানার জামিন স্থগিত করেছেন। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।


বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার শাকিলা ফারজানাকে জামিন দিয়েছিলেন। সন্ত্রাস দমন আইনের দুই মামলায় অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত তাঁকে এই জামিন দেন হাইকোর্ট। আদালতে শাকিলা ফারজানার পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।


সন্ত্রাস দমন আইনে করা দুই মামলায় শাকিলাকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে গত ১৩ জানুয়ারি রুল দিয়েছিলেন হাইকোর্টের এই বেঞ্চ। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছিল। এর ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারি রুলের ওপর শুনানি শেষ হয়।

গত বছরের ২৮ নভেম্বর দুই মামলায় বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনায় এক কোটি ৮ লাখ টাকা জোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা ও হাসানুজ্জামান লিটন এবং ঢাকা জজ আদালতের আইনজীবী মাহফুজ চৌধুরীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। লিটন ও মাহফুজ আগেই জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।